গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে দুই শিষ্যের মধ্যে বিবাদ। আর সেই বিবাদই শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষের রূপ নিল হুগলির কানাইপুরে। অভিযোগ, বচসার সময় এক শিষ্যের মাথায় ইট দিয়ে আঘাত করেন অপর এক শিষ্য। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় উৎপল সমাদ্দার নামে ওই ব্যক্তির। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত স্বঘোষিত গুরুদেবকেও।
শিষ্যার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার, ১২ অক্টোবর রাতে কোন্নগরের কানাইপুরে গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট সংলগ্ন একটি কলোনিতে ঘটনাটি ঘটে। হাবরার বাসিন্দা গোপালকৃষ্ণ গোস্বামী নামে এক স্বঘোষিত গুরুদেব সেখানে এক শিষ্যের বাড়িতে এসেছিলেন। অভিযোগ, সেই বাড়িতে এক শিষ্যের স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ সামনে আসতেই উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রের দাবি, এর আগেও গণেশ হালদার নামে এক শিষ্যের স্ত্রীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল ওই গুরুদেবের বিরুদ্ধে। সেই বিষয়টি নিয়েও ক্ষোভ জমেছিল বলে জানা যাচ্ছে।
বচসা থেকে সংঘর্ষ, মৃত্যু উৎপলের
সোমবার রাতে অভিযোগকে কেন্দ্র করে শিষ্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় গণেশ হালদার ইট দিয়ে উৎপল সমাদ্দারের মাথায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় উৎপলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গ্রেফতার অভিযুক্ত, তদন্তে পুলিশ
ঘটনার খবর পেয়ে কানাইপুর ফাঁড়ি ও উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উৎপলের মৃত্যুর ঘটনায় গণেশ হালদারকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, গোপালকৃষ্ণ গোস্বামীকেও আটক করেছে পুলিশ।
খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শ্লীলতাহানির অভিযোগ এবং সংঘর্ষের নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।







