কেন্দ্র

ক্যানসারের ওষুধে লাগাম ট্রেড মার্জিনে, কমতে পারে এমআরপি! রোগীদের বছরে সাশ্রয় প্রায় ২৫০০ কোটি , বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ক্যানসার ধরা পড়া মানেই রোগী ও তাঁর পরিবারের সামনে নেমে আসে এক কঠিন লড়াই। প্রিয়জনের চিকিৎসা নিয়ে উদ্বেগের পাশাপাশি চিকিৎসার বিপুল খরচও হয়ে দাঁড়ায় বড় চিন্তার কারণ। এবার সেই জায়গাতেই কিছুটা স্বস্তির বার্তা দিল কেন্দ্রীয় সরকার। ক্যানসারের ওষুধের দাম কমাতে বড় পদক্ষেপের কথা জানিয়েছে মোদি সরকার।

সোমবার সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ক্যানসারের ওষুধের ক্ষেত্রে এমআরপি অর্থাৎ সর্বোচ্চ খুচরো মূল্যের উপর ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপ কার্যকর হলে বেশ কিছু ক্যানসারের ওষুধের এমআরপি প্রায় ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে অনুমান। এর ফলে রোগীদের বছরে প্রায় ২৫০০ কোটি টাকা পর্যন্ত সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিচারপতি বিক্রম নাথ এবংও সন্দীপ মেহতার বেঞ্চকে জানানো হয়েছে, গত ৮ অক্টোবর জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ বা এনপিপিএ-র বৈঠকে এই প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত ক্যানসারের ওষুধের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে, তার একটি তালিকাও প্রকাশ করবে কেন্দ্র। ভবিষ্যতে বাজারের পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের প্রয়োজন বিবেচনা করে সেই তালিকায় আরও ওষুধ অন্তর্ভুক্ত করা হতে পারে।

কেন্দ্রের হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, কিছু ক্ষেত্রে খুচরো বিক্রেতারা তুলনামূলক বেশি মুনাফা রেখে স্থানীয় ব্র্যান্ডের ওষুধকে বাজারে এগিয়ে দেন। এই ধরনের কর্মকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এই মামলার শুনানিতে ক্যানসারের ওষুধের এমআরপি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, কিছু ওষুধের এমআরপি খুচরো বিক্রেতার ক্রয়মূল্যের তুলনায় প্রায় দশ গুণ বেশি। ২৭০০ টাকার একটি ওষুধ কীভাবে ২৭ হাজার টাকায় বিক্রি হতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত।

কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, কিছু হাসপাতাল উচ্চ ট্রেড মার্জিন দেওয়া সংস্থার কাছ থেকে ক্যানসারের ওষুধ কিনে রোগীদের কাছে সেই ওষুধ এমআরপি-তে বিক্রি করছে। এক্ষেত্রে ট্রেড মার্জিনের পরিমাণ ১৭০ থেকে ৭০০ শতাংশ বা তারও বেশি পর্যন্ত হতে পারে বলেও জানা গিয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এই বিপুল দামের ফারাক অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.