শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়েই অচলাবস্থা, সিদ্ধান্ত জানাতে শনিবার পর্যন্ত সময় নিল কেন্দ্র
নিট-সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার ও সিজেপি (CJP)-র মধ্যে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও মূল দাবি ঘিরে জট কাটেনি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছে আন্দোলনকারীরা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কেন্দ্র শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে বলে দাবি করেছে সিজেপি নেতৃত্ব।
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপি-র প্রতিনিধিরা। বৈঠক শেষে সংগঠনের জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, তাঁদের তিন দফা দাবির মধ্যে দুটি বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
সিজেপি-র দাবি অনুযায়ী, নিট-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কেন্দ্র নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। পাশাপাশি আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও অন্যান্য আইনি মামলা প্রত্যাহারের বিষয়েও ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে।
তবে আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশুতোষ রাঙ্কার দাবি, সরকার এ বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর ইস্তফা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
প্রসঙ্গত, গত এক মাস ধরে যন্তর মন্তরে নিট-ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। ২০ জুলাই সংসদ ভবন অভিযানের সময় আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই পরিস্থিতির পরেই আলোচনার পথে এগোয় কেন্দ্র। শনিবার তৃতীয় দফার বৈঠকে শিক্ষামন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত আসে কি না, সেদিকেই এখন নজর রয়েছে।






