প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খোলা বিতর্কে বসার জন্য রাহুল গান্ধীর অনবরত চ্যালেঞ্জ শেষ পর্যন্ত রূপ নিল এক চরম রাজনৈতিক উপহাসে। বিজেপির তাবড় নেতাদের পাল্টা আক্রমণের মুখে পড়ে কার্যত ব্যাকফুটে কংগ্রেস। এবার রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি জেতার ‘কোচিং ম্যানুয়াল’ বা ‘৭টি সহজ উপায়’ শেয়ার করলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
রিজিজু তাঁর পোস্টে রাহুলকে প্রথম পরামর্শই দিয়েছেন, “ঘন ঘন গোপনে বিদেশ সফর ও ছুটি কাটানো বন্ধ করে ভারতে একটু বেশি সময় দিন।” পাশাপাশি, রাহুল গান্ধীর রাজনীতিকে তীব্র কটাক্ষ করে তিনি আরও যোগ করেন, “বিজেপি, আরএসএস এবং মোদীজির প্রতি মনের গভীরের ঘৃণা বন্ধ করুন” এবং বিজেপিকে শত্রু না ভেবে অন্তত রাজনৈতিক প্রতিপক্ষ ভাবতে শিখুন।
সংসদ বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছোড়ার এই প্রবণতাকে বিঁধে রিজিজু রাহুলের প্রতি আরও কিছু ‘মূল্যবান’ উপদেশ বিলি করেছেন। তিনি রাহুলকে উপদেশ দেন, “সংসদকে একটু সিরিয়াসলি নিন” এবং পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ করে কংগ্রেসকে একটি গণতান্ত্রিক দল হিসেবে চলতে দিন।
এদিকে, রাহুল গান্ধীর এই ‘খোলা বিতর্ক’-এর শখকে আরও একধাপ নুন-মরিচ মাখিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি রাহুলকে মনে করিয়ে দিয়েছেন, বিতর্কের জন্য কোনো গোপন জায়গার দরকার নেই, তাঁর সামনেই রয়েছে দেশের সংসদ। কিন্তু সমস্যা হলো, রাহুল গান্ধী সেখানে চ্যালেঞ্জ তো ছুড়ে দেন, কিন্তু সরকারের উত্তর শোনার সময় হলেই তিনি এবং তাঁর সঙ্গীরা নাটকীয়ভাবে ‘ওয়াকআউট’ করে পালিয়ে যান।
বিজেপি যেভাবে রাহুল গান্ধীর সিরিয়াস চ্যালেঞ্জকে ‘পার্লামেন্টে অ্যাটেনডেন্স’ আর ‘ঘুরে বেড়ানোর অভ্যাস’-এর খোঁচা দিয়ে উড়িয়ে দিল, তাতে বল এখন পুরোপুরি কংগ্রেস নেতার কোর্টেই। এখন দেখার, রাহুল গান্ধী এই ট্রোলের পর আসলেই সংসদে সময় দেন, নাকি আবার কোনো গোপন ছুটির উদ্দেশ্যে রওনা হন!







