অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশের অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর দাবি, ভারতীয় সেনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কংগ্রেসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
বিতর্কের সূত্রপাত কংগ্রেসের মুখপাত্র ঋতু চৌধুরীর শেয়ার করা একটি ভিডিওকে কেন্দ্র করে। অভিযোগ, ওই ভিডিওতে একটি চিনা গাড়িকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখা গিয়েছে। ভিডিওটি সামনে আসার পর কংগ্রেসের তরফে দাবি করা হয়, চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে।
তবে ভারতীয় সেনার ফ্যাক্ট-চেকের পর ওই দাবিকে খারিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। এরপরই কংগ্রেসকে নিশানা করেন রিজিজু। তাঁর অভিযোগ, যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে বিরোধী দল।
এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।







