বিয়ের পর প্রথম পাহাড় ভ্রমণ। স্বামীর সঙ্গে একান্তে কয়েকটা দিন কাটানোর স্বপ্ন নিয়ে দার্জিলিঙের সিটংয়ে গিয়েছিলেন নিকিতা সাহা। কিন্তু সেই বেড়ানোই শেষ পর্যন্ত পরিণত হল ভয়াবহ দুর্ঘটনায়। বারবিকিউয়ের আয়োজন করতে গিয়ে আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছিলেন তিনি। দীর্ঘ দু’মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর বৃহস্পতিবার ভোরে কলকাতার চার্নক হাসপাতালে মৃত্যু হল তরুণীর।
গত ১৩ সেপ্টেম্বর স্বামী সৌভিক দাসের সঙ্গে সিটংয়ে বেড়াতে গিয়েছিলেন নিকিতা। সেখানে একটি হোমস্টেতে ছিলেন তাঁরা। সন্ধ্যায় ক্যাম্পফায়ারের পাশাপাশি বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল। পরিবারের অভিযোগ, আগুনের তাপ বাড়াতে হোমস্টের এক কর্মী তাতে থিনার ঢেলে দেন। আর তাতেই আচমকা আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের কবলে পড়েন নিকিতা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত হন সৌভিকও।
এই দুর্ঘটনায় নিকিতার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতার বাঙুর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। চার দিন আগে অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে চার্নক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দুর্ঘটনার পর থেকেই হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আসছিলেন সৌভিক। তাঁর অভিযোগ, আগুন লাগার পর নিরাপত্তা এবং চিকিৎসার ব্যবস্থা যথাযথ ছিল না। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আরও বিতর্ক তৈরি হয়। তদন্তে নেমে হোমস্টের মালিক-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
অবশেষে দীর্ঘ চিকিৎসার লড়াই থামল নিকিতার। যে পাহাড়ি সফর নতুন জীবনের স্মৃতি হয়ে থাকার কথা ছিল, তা-ই হয়ে রইল পরিবারের কাছে এক ভয়াবহ দুঃস্বপ্ন। তরুণীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিত মহলে।







