রাজনীতি

‘তামিলনাড়ু ভাইস সিটিতে পরিণত হচ্ছে’: চেন্নাইয়ে ১৪০ কোটির হেরোইন উদ্ধারে মুখ্যমন্ত্রী বিজয়কে নিশানা স্ট্যালিনের

ন্নাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর ক্ষমতাসীন টিভিকে (TVK) সরকার এবং মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ডিএমকে (DMK) সভাপতি এম কে স্ট্যালিন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মাদক পাচারের অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিন দাবি করেছেন, বিজয়ের প্রশাসনের আমলে তামিলনাড়ু ক্রমশ একটি ‘ভাইস সিটি’ (Vice City)-তে পরিণত হচ্ছে।
বৃহস্পতিবার চেন্নাইয়ের মাধবরমে কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি হেরোইন উদ্ধার করে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ১৪০ কোটি টাকা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানের পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি দীর্ঘ পোস্ট করে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন স্ট্যালিন।
পোস্টে স্ট্যালিন উল্লেখ করেন, কেন্দ্রীয় সংস্থা প্রতি মাসেই তামিলনাড়ুতে বড় বড় মাদক চক্রের পর্দাফাঁস করছে। গত মাসে নাগাপট্টিনামে ২৭০ কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনার কথা মনে করিয়ে দিয়ে তিনি অভিযোগ করেন, ওই চক্রের সঙ্গে টিভিকে-র এক পদাধিকারীর যোগসূত্র ছিল। রাজ্যের পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে ডিএমকে প্রধান বলেন, “তামিলনাড়ু পুলিশ কেন এই বিশাল মাদক পাচার চক্র ধরতে পারছে না? তারা কি ধরতে অক্ষম, নাকি জেনেশুনে চোখ বন্ধ করে রেখেছে?” তিনি আরও আক্ষেপ করে বলেন, যে রাজ্য একসময় বিনিয়োগকারীদের প্রধান গন্তব্য ছিল, তা এখন মেথামফেটামিন ও হেরোইন পাচারকারীদের প্রিয় আস্তানায় পরিণত হয়েছে।
সরকারকে আক্রমণ করতে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি’-র আদলে ‘TVK Vice City’ শিরোনামে একটি ব্যঙ্গাত্মক গ্রাফিকও শেয়ার করেন স্ট্যালিন। ওই গ্রাফিকে মুখ্যমন্ত্রী বিজয় এবং এক টিভিকে নেতার অবয়বের পাশাপাশি মাদক, সিরিঞ্জ, ল্যাবরেটরি এবং সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার সংবাদ কাটিং তুলে ধরা হয়েছে।
পাশাপাশি রাজ্যের ডিজিপি (DGP)-র বিরুদ্ধেও অপরাধের পরিসংখ্যান দেখিয়ে জনগণের নজর ঘোরানোর অভিযোগ এনেছেন স্ট্যালিন। তাঁর মতে, প্রতিটি ঘটনার পর কেবল ‘মামলা রুজু করা হয়েছে’ বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। মাদক দমনে গঠিত ৬৫টি বিশেষ টাস্ক ফোর্স টিম থাকা সত্ত্বেও কেন পাচারকারীরা ধরা পড়ছে না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। রাজ্যে ক্রমবর্ধমান ডাকাতি, হেফাজতে মৃত্যু এবং টিভিকে কর্মীদের অসদাচরণের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী বিজয়ের নীরবতা নিয়েও কটাক্ষ করেন স্ট্যালিন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, “মুখ্যমন্ত্রী বিজয়ের অধীনে থাকা স্বরাষ্ট্র দপ্তরে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও তিনি এখন মুখ না খুললে আর কবে বলবেন?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.