রাজনীতি

বারাসতে ‘জন সম্পর্ক অভিযান’ শুরু কাকলির, এনসিপিআইয়ের চিফ হুইপ হিসেবে নতুন রাজনৈতিক বার্তা

সংসদীয় রাজনীতিতে সমীকরণ বদলের আবহে এবার নিজের লোকসভা কেন্দ্র বারাসতে নতুন কর্মসূচির সূচনা করলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি এনসিপিআই-এ যোগ দিয়েছেন। আগেই মৌখিকভাবে এনডিএ-কে সমর্থনের কথা জানিয়েছিলেন। এবার সংসদেও এনডিএ-র শরিক দলের সদস্য হিসেবে বসার প্রক্রিয়া শুরু হয়েছে। এই রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই বারাসতে জনসংযোগে জোর দিচ্ছেন কাকলি।

দীর্ঘদিনের বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রথম সারির নেতাদের মধ্যে তিনিই অন্যতম, যিনি নিজের রাজনৈতিক অবস্থান বদলান। সংসদীয় রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

এবার নিজের সাংসদ এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছেন কাকলি। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু হচ্ছে **‘জন সম্পর্ক অভিযান’**। বর্তমানে নিজেকে এনসিপিআইয়ের সংসদীয় দলের চিফ হুইপ হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।

ঘোষণা অনুযায়ী, প্রতি রবিবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মধ্যমগ্রামে তাঁর বাসভবনে এই কর্মসূচি চলবে। সেখানে ভোটার, দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন তিনি। তাঁদের সমস্যা, অভিযোগ, পরামর্শ ও মতামত শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন কাকলি। তাঁর দাবি, মানুষের সমস্যার সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

অন্যদিকে, রবিবার অনুষ্ঠিত হতে চলা সর্বদলীয় বৈঠকের জন্য ইতিমধ্যেই এনসিপিআইকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ব্যক্তিগতভাবে কাকলি ঘোষ দস্তিদারকে ফোন করে বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে। ওই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.