সকাল থেকেই পাওয়া গিয়েছিল আন্দাজ , শুক্রের রাতে তাতে লাগলো সিলমোহর। বিহারে নিশ্চিত এনডিএ সরকার গঠন । বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি ও জেডিইউ এর জোট এনডিএ । আর বিহার জয়ের পরেই , পশ্চিমবঙ্গের পাখির চোখ বিধানসভা নির্বাচনকে নিয়ে হুংকার প্রধানমন্ত্রীর । বাংলায় নজর দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি ।
ফল ঘোষণার দিন , অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় , বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হন প্রধানমন্ত্রী মোদী । সেখান থেকে ধন্যবাদ জানান , বিহারের সাধারণ মানুষকে । তারপরেই মোদীর হুংকার , “বিহারে আর কখনও জঙ্গলরাজ ফিরবে না। এই জয় বিহারের সেই মা-বোনদের জয়, যারা দিনের পর দিন জঙ্গলরাজ সহ্য করেছে। বিহার দেখাল মিথ্যার হার হয়, মানুষের বিশ্বাসের জয় হয়।”
বিজেপি কর্মীদের ধন্যবাদ জানিয়ে , তিনি বলেন , “কর্মীরাই এই সাফল্যের কারণ। আজকের এই ফলাফলে কেরল, তামিলনাড়ু, পুদুচেরী, অসম, পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে নতুন উৎসাহ দিয়েছে।”
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন । সেই প্রসঙ্গও শোনা যায় এদিন মোদীর মুখে । তিনি বার্তা দেন বাংলা থেকেও জঙ্গলরাজ সরিয়ে দেওয়ার – “বাংলার ভাই-বোনদের আশ্বস্ত করছি। আপনাদের সঙ্গে মিলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ সরিয়ে দেবে।”
উল্লেখ্য , বিহারের যে গেরুয়া ঝড় উঠেছিল , সেই ঝড়ের রেশ শুক্রবার সকাল থেকেই বাংলাতেও পরিলক্ষিত হয় । বেলা বাড়ার সাথে সাথে বাংলা জুড়ে বিজেপি কর্মীদের উচ্ছ্বাসও বাড়তে থাকে । শুভেন্দু অধিকারী , সুকান্ত মজুমদার দুজনের মুখেই শোনা যায় , “একসময় অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ এক ছিল। অঙ্গ (বিহার) জয় হল, কলিঙ্গ (ওড়িশা) জয় হয়েছে। এবার বঙ্গ।”







