ভারতীয় ক্রিকেট দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন মহম্মদ সিরাজ। দলের প্রয়োজনে বিরামহীনভাবে একের পর এক ম্যাচ খেলেছেন এই তারকা পেসার। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রথম একাদশে তাঁকে আর নিয়মিত দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামলেও ভারতীয় দলে জায়গা হয়নি সিরাজের। আর তাঁকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের অভিযোগ, ধর্মীয় বৈষম্যের কারণেই প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন সিরাজ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে চার পেসার নিয়ে মাঠে নেমেছে ভারত। তাঁরা হলেন জশপ্রীত বুমরাহ, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁদের মধ্যে প্রথম তিনজনের পারফরম্যান্স ভালো হলেও প্রসিদ্ধ কৃষ্ণের বোলিং নিয়ে উঠেছে প্রশ্ন। ১০০ রান খরচ করে মাত্র একটি উইকেট পেয়েছেন তিনি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ধারাবাহিকভাবে ভালো খেলার পরেও কেন প্রথম একাদশে সুযোগ পেলেন না সিরাজ?
এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর বক্তব্য, সিরাজের নামই কি তাঁকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট কারণ হয়ে উঠেছে? ভালো পারফরম্যান্স করার পরেও কেন তাঁকে দলে রাখা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ইমরানের দাবি, সিরাজকে বাদ দেওয়ার পিছনে অন্য কোনও কারণ নেই। তাঁর মতে, এই সিদ্ধান্তের মধ্যে বৈষম্যের বিষয়টি স্পষ্ট।
কংগ্রেস সাংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী পালটা আক্রমণ করে বলেন, ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়েও ভোটের রাজনীতি করছে কংগ্রেস। সিরাজ মুসলিম বলেই তাঁকে বাদ দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলে কংগ্রেস আসলে ভারতীয় দলকে সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে টেনে আনতে চাইছে। প্রত্যেক ক্রিকেটারই দেশের জার্সি পরে ভারতের প্রতিনিধিত্ব করেন। তাই জাতীয় দলকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভারতীয় বোলিং বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলে ছিলেন সিরাজ। তবে ধীরে ধীরে সাদা বলের ক্রিকেটে তাঁর সুযোগ কমতে থাকে। বর্তমানে মাঝেমধ্যে একদিনের ক্রিকেটে ডাক পেলেও দলের নিয়মিত পেসার হিসেবে আর দেখা যায় না তাঁকে।
এতদিন অবশ্য টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম ভরসা ছিলেন সিরাজ। চোটের কারণে জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিত রানা দলের বাইরে থাকলেও নিয়মিত খেলেছেন তিনি। ধারাবাহিকভাবে নিজের পারফরম্যান্সও বজায় রেখেছেন। এমনকী তাঁর ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রয়োজনও বিশেষ পড়েনি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই তাঁকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবার সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই ক্রিকেটের ময়দান ছাড়িয়ে রাজনৈতিক তরজা শুরু হল।







