কেন্দ্র

পশ্চিম এশিয়া সংকটেও দেশে জ্বালানির ঘাটতি নেই, আশ্বস্ত করল কেন্দ্র

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা দেখা দিলেও দেশে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের সরবরাহে কোনও ঘাটতি নেই বলে আশ্বস্ত করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার জাতীয় মিডিয়া সেন্টারে আয়োজিত এক আন্তঃমন্ত্রক বৈঠকে জ্বালানি, বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের আধিকারিকরা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

কেন্দ্রের দাবি, গত তিন দিনে প্রায় ১.৩৬ কোটি LPG বুকিংয়ের বিপরীতে ১.৪৭ কোটি সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চাহিদার তুলনায় বেশি সরবরাহ নিশ্চিত করতে রিফাইনারিগুলিতে LPG উৎপাদনও বাড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের কোনও LPG ডিস্ট্রিবিউটরশিপে ‘ড্রাই-আউট’ বা গ্যাস ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি।

গ্যাসের কালোবাজারি ও অনিয়ম রুখতে ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে। বর্তমানে প্রায় ৯৬ শতাংশ LPG ডেলিভারি DAC-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যা সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করেছে।

সরকার জানিয়েছে, দেশের সমস্ত তেল শোধনাগার পূর্ণ ক্ষমতায় কাজ করছে। পর্যাপ্ত পরিমাণ অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে। দেশের সব পেট্রোল পাম্প স্বাভাবিকভাবে পরিষেবা দিচ্ছে এবং কোথাও জ্বালানির ঘাটতির খবর নেই। সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুত না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) পরিষেবার সম্প্রসারণেও বড় অগ্রগতি হয়েছে। মার্চ ২০২৬ থেকে এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি নতুন PNG সংযোগে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পাশাপাশি ১৯ জুন গুজরাতের দাহেজ বন্দরে ৬২ হাজার মেট্রিক টনের বেশি LNG নিয়ে একটি জাহাজ পৌঁছানোর কথা, যা দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

কেন্দ্রের বার্তা স্পষ্ট— পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.