কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস এবং NEET-UG ২০২৬ পরীক্ষাকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল। আগামী ২১ জুন, রবিবার ভোর ৪টা থেকেই ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের বৃহৎ অনুষ্ঠান এবং NEET পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর-কবি সুভাষ ব্লু লাইনে সাধারণ রবিবারের ১৫২টি পরিষেবার পরিবর্তে মোট ২১৪টি মেট্রো চলবে। ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই ১৪ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। প্রথম পরিষেবাগুলি দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে ছাড়বে।
অন্যদিকে, হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ গ্রিন লাইনে সাধারণত ১০৮টি পরিষেবা চললেও ওই দিন মোট ১৭৩টি মেট্রো চালানো হবে। ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে। প্রথম ট্রেন ছাড়বে ভোর ৪টায় হাওড়া ময়দান থেকে এবং ৪টা ২ মিনিটে সেক্টর ফাইভ থেকে।
নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর ইয়েলো লাইনে পরিষেবার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সাধারণ রবিবারের ৭৮টির বদলে মোট ১১২টি মেট্রো চলবে। ভোর ৪টা ১৮ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ১৮ থেকে ২০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
তবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, বিশেষ পরিষেবা চালু হলেও ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনের রাতের শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। পাশাপাশি ২১ জুন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।
যোগ দিবসের অনুষ্ঠান এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা NEET-UG-কে ঘিরে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন শহরবাসী।







