রাজ্য রাজনীতিতে ফের বড়সড় চাঞ্চল্য। দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রীদের জেলে যাওয়ার রেশ কাটতে না কাটতেই এবার ধর্ষণ, শ্লীলতাহানি ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগে নাম জড়াল রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের। শুধু এই দুই প্রাক্তন মন্ত্রীই নন, তাঁদের সঙ্গে মোট ৪০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে বাগুইআটি থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ, যৌন হয়রানি, শ্লীলতাহানি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক জামিন অযোগ্য ও গুরুতর ধারায় এই মামলা রুজু হয়েছে। তিন জন নির্যাতিতার অভিযোগের বিষয়টিকে সামনে রেখে জনৈক সমাজকর্মী রাজীব সরকার বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএনএস, ২০২৩) ১৭৩(১) ধারার উল্লেখ করে অবিলম্বে ‘জিরো এফআইআর’ দায়েরের আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনের ভিত্তিতেই পুলিশ এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু গ্রেফতার হয়েছেন। অন্যদিকে, ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রি ও কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় ইন্দ্রনীল সেন ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন। সম্প্রতি এই পাস জালিয়াতি মামলাতেই ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনকে লালবাজারে তলব করে প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ। সেই মামলার রেশ কাটতে না কাটতেই এবার নতুন এই এফআইআর-এ চরম অস্বস্তিতে পড়লেন প্রাক্তন দুই মন্ত্রী ও অভিযুক্ত সরকারি আধিকারিকরা।







