পলতা থেকে কলকাতায় পানীয় জল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম টালার ৭২ ইঞ্চি ব্যাসের মূল লোহার পাইপলাইন মেরামতির উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এই কাজের জন্য শীর্ষ ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের দুই প্রাক্তন ডিজি বিভাস মাইতি ও মৈনাক মুখোপাধ্যায়, বর্তমান ডিজি রিহান সান্যাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপক গোকুল মণ্ডল এবং স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্য। পুরকমিশনার স্মিতা পাণ্ডের উদ্যোগেই এই কমিটি তৈরি হয়েছে।
পূর্ব রেলের সঙ্গে যৌথ বৈঠকের পর পাইপলাইন মেরামতির অনুমতি মেলার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠকে বসেন কমিটির পাঁচ সদস্য। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী শনিবার থেকেই ফেটে যাওয়া ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চি ব্যাসের পাইপটির মেরামতির কাজ শুরু হবে। আপাতত রেললাইনের নিচে থাকা ক্ষতিগ্রস্ত অংশটি বন্ধ রেখে ৪৮ ইঞ্চি ব্যাসের বিকল্প পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। তবে এই অস্থায়ী ব্যবস্থায় উত্তর কলকাতার কয়েকটি ওয়ার্ডে পর্যাপ্ত পানীয় জল মিলছে না বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখ টালার জল সরবরাহকারী পাইপ ফেটে উত্তর কলকাতায় ব্যাপক বিপর্যয় দেখা দেয়। চার দিন ধরে মেরামতির পর কোনওরকমে টালা থেকে উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়। কিন্তু ১০৭ বছরের পুরনো মূল পাইপলাইনটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটেনি পুরসভার। পুরসভার ইঞ্জিনিয়ারদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ব্রিটিশ আমলের এই বিশাল পরিকাঠামো কীভাবে সংস্কার করা হবে এবং প্রয়োজনে কীভাবে তা বদলানো সম্ভব।
সমস্যার আরও একটি বড় দিক হল, কলকাতার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা জল সরবরাহের পাইপলাইনগুলির সঠিক নথি না থাকা। বড় পাইপলাইনগুলির কিছু অংশের ডিজিটাল মানচিত্র পাওয়া গেলেও পাড়ার অলিগলিতে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট পাইপের বিস্তারিত তথ্য পুরসভার কাছে নেই। অভিযোগ, বিভিন্ন সময়ে কাউন্সিলররা নিজেদের উদ্যোগে একাধিক জায়গায় নতুন জলের লাইন বসিয়েছেন। ফলে গোটা নেটওয়ার্কের সঠিক হিসাব পাওয়া কঠিন হয়ে উঠেছে।
তার উপর উত্তর ও মধ্য কলকাতার বহু এলাকায় দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে শতাব্দীপ্রাচীন পাইপলাইনগুলির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। সব মিলিয়ে পুরসভার সামনে এখন বড়সড় পরিকাঠামোগত চ্যালেঞ্জ। বিশেষজ্ঞ কমিটির নজরদারিতেই শনিবার থেকে টালার ক্ষতিগ্রস্ত মূল পাইপের মেরামতির কাজ শুরু হতে চলেছে।







