সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই প্রকাশ করল রাজ্যের শিক্ষা দফতর। সপ্তম শ্রেণির বইটির নাম দেওয়া হয়েছে ‘অরুণ’ এবং অষ্টম শ্রেণির বইয়ের নাম ‘কিরণ’। সংস্কৃত ভাষা শেখার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ানো এবং ভাষাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যেই এই বই দু’টি তৈরি করা হয়েছে। তবে নতুন পাঠ্যবইগুলির সঙ্গে ধর্মশিক্ষার কোনও যোগ নেই বলে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নতুন বই দু’টির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সংস্কৃত ভাষার উপর নতুন পাঠ্যবই তৈরির পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল। সেই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এদিন সাংবাদিকদের সামনে বই দু’টির প্রচ্ছদও প্রকাশ করেন তিনি।
শিক্ষামন্ত্রীর বক্তব্য, নতুন বইগুলির অন্যতম বৈশিষ্ট্য হল, দৈনন্দিন জীবনে ব্যবহৃত সাধারণ কথোপকথনকে সংস্কৃত ভাষার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাঁর মতে, সংস্কৃত একটি ধ্রুপদী ভাষা হলেও আধুনিক সময়েও যে এই ভাষার ব্যবহার সম্ভব, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই বই দু’টি সাজানো হয়েছে। অর্থাৎ, শুধু প্রাচীন ভাষার চর্চা নয়, বরং বর্তমান জীবনে সংস্কৃতের প্রয়োগ সম্পর্কেও পড়ুয়াদের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
‘অরুণ’ বইয়ে ৪৫০টিরও বেশি ছবি রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। অষ্টম শ্রেণির ‘কিরণ’ বইটিতেও রয়েছে প্রচুর ছবি। পাশাপাশি, পড়ুয়ারা যাতে বইয়ের মধ্যেই প্রশ্নের উত্তর লিখতে এবং বিভিন্ন অনুশীলন করতে পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে। শিক্ষকদের জন্যও দেওয়া হয়েছে প্রয়োজনীয় কিছু নির্দেশিকা ও পরামর্শ। পুরনো সংস্কৃত পাঠ্যবইয়ের তুলনায় নতুন বই দু’টির বিষয়বস্তু এবং পড়ানোর পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন পাঠ্যবইয়ে শুধু ভাষাশিক্ষাই নয়, অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি জায়গা পেয়েছে ‘বন্দে মাতরম’ও। পড়ুয়াদের কাছে পাঠ আরও আকর্ষণীয় করে তুলতে বইয়ের পাতায় যুক্ত করা হয়েছে কমিকস।
তবে এই বই নিয়ে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, সংস্কৃত ভাষার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিত করানো এবং তাদের ভাষাগত দক্ষতা বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। কোনওভাবেই ধর্মীয় শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বই দু’টি তৈরি করা হয়নি।







