তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (২৮ অগস্ট)-এর দিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হবে না—এই মর্মে স্পষ্ট জানিয়ে দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। এরপর থেকেই কার্যত শাসকদলের একাধিক নেতা থেকে ছাত্র সংগঠনের নেতৃত্ব—সবাইয়ের আক্রমণের মুখে পড়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী—উপাচার্যের অবস্থান ও যোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়। পাল্টা নিজের দীর্ঘ শিক্ষাগত ও প্রশাসনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন শান্তা দত্ত। ফলে বিতর্ক সীমাবদ্ধ থাকেনি পরীক্ষার দিন নিয়েই, ছড়িয়ে পড়েছে ব্যক্তিগত যোগ্যতা ও মর্যাদার লড়াইয়েও।
শান্তা দত্তের যোগ্যতা
উচ্চ মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারী।
হোম সায়েন্সে স্নাতকে প্রথম হয়ে পান গোল্ড মেডেল।
ফুড অ্যান্ড নিউট্রিশন-এ স্নাতকোত্তর, বিশ্ববিদ্যালয়ে প্রথম, ফের গোল্ড মেডেল।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি।
কাজের অভিজ্ঞতা: ২ বার বিভাগীয় প্রধান, ৩ বার ডিন, ২০ বছর ইউজি বোর্ড চেয়ারম্যান, ৩টি পিজি বোর্ডে দায়িত্ব, টানা ৮ বছর আইসিসি বোর্ডে প্রেসাইডিং অফিসার।
শান্তা দত্তের কথায়, “আমি সম্ভবত কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীবিত একমাত্র ব্যক্তি, যার কাছে এই বিশ্ববিদ্যালয়ের ৬টি মেডেল রয়েছে। বেস্ট গ্রাজ্যুয়েট অফ দ্য ইয়ার হয়েছি। দীর্ঘ ২০ বছরেরও বেশি প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।”
অভিরূপ চক্রবর্তীর যোগ্যতা
আইএসসি-তে ৬৯% নম্বর।
বিদ্যাসাগর কলেজ থেকে ফিজিওলজিতে স্নাতক।
বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে হিউম্যান রাইটসে স্নাতকোত্তর, ফার্স্ট ক্লাস।
বর্তমানে পিএইচডি-র আবেদনকারী।
বিতর্কের সূত্রপাত
টিএমসিপি প্রশ্ন তোলে, কেন ২৮ অগস্টের পরীক্ষার দিন পরিবর্তন করা হয়নি। এরপরই শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে পরীক্ষা স্থগিতের অনুরোধ জানায়। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সর্বসম্মতভাবে পূর্বনির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বজায় রাখে।
শান্তা দত্ত যুক্তি দেন, “৩০ হাজার পরীক্ষার্থী ইতিমধ্যেই মানসিক প্রস্তুতি নিয়েছে। কয়েকজনের স্বার্থে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।”
রাজনৈতিক প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “মুখ্যমন্ত্রী কোনও দিন বিশ্ববিদ্যালয়ের বিষয়ে হস্তক্ষেপ করেন না। চাইলে তিনি কেয়ারটেকার ভিসিকে সরাতে পারতেন।”
অন্যদিকে, অভিরূপ চক্রবর্তী প্রকাশ্যে উপাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং কটূক্তি করেন। তাঁর হুঁশিয়ারি, “২৮ অগস্টের পর ইঞ্চি-ইঞ্চি বুঝে নেব।”
বিজেপির আক্রমণ
বিজেপি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল ছাত্র পরিষদ নেতার হুমকিকে কটাক্ষ করেছে। বিরোধী শিবিরের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকেই চাপে ফেলতে চাইছে শাসকদল।
পরীক্ষার দিন নিয়ে শুরু হওয়া এই সংঘাত এখন রূপ নিয়েছে “যোগ্যতার লড়াই”-এ। অধ্যাপক বনাম ছাত্রনেতা—কে কতটা যোগ্য? সেই প্রশ্নেই উত্তাল রাজ্য রাজনীতি।







