সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে দেশবিরোধী বলে তীব্র আক্রমণ করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। শুধু তাই নয়, সেলিমকে দেশ থেকে বিতাড়িত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বাম নেতাকে অতি বামপন্থী ও ‘দিমাগি নকশাল’ বলে কটাক্ষ করেন মন্ত্রী। সিপিএমের রাজনৈতিক অবস্থান নিয়েও একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
সেলিমকে নিশানা করে অর্জুন বলেন, “আমরা সবাই বলব, সেলিম থেকে সাবধান। উনি ভারতবর্ষের লোকই নন। দেশবিরোধী মানুষ। ওঁকে বাংলা থেকে নয়, দেশ থেকেই তাড়ানো দরকার।” কেন সেলিমকে দেশবিরোধী বলছেন, সেই প্রশ্নের জবাবে মন্ত্রীর বক্তব্য, “একজন মানুষ দেশের ভালর কথা ভাববেন না। এরা এখানকার সুযোগ-সুবিধা ভোগ করবেন, আর পাকিস্তানের কথা বলবেন। ওঁর নিজের দলই এখন অস্তিত্বহীন হয়ে পড়েছে। পায়ের তলায় মাটি নেই, মাথার উপর ছাদ নেই। কার্যত হাওয়ায় ভাসছে। ওঁরা আবার বিজেপিকে নিয়ে আলোচনা করবেন? অতি বামপন্থী ও দিমাগি নকশালদের কথা বলছেন। যাঁরা দেশবিরোধী, তাঁদের নিয়ে আলোচনা করাটাও ভুল।”
অন্যদিকে, অর্জুনের এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, “অর্জুন সিংয়ের ক্ষমতা থাকলে তাড়িয়ে দেখাক। তাঁকেই একবার বিজেপি তাড়িয়েছে, আবার তৃণমূলও তাড়িয়েছে। মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাই মন্ত্রীর পদের মর্যাদা বজায় রেখে বিরোধীদের সম্মান দিয়ে কথা বলা উচিত। তাহলে পালটা সম্মানও পাবেন। অসম্মান করলে পালটা অসম্মানের জন্যও প্রস্তুত থাকতে হবে।”
এই বিতর্কে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, “অন্যের দলের বিষয়ে আর কী বলব! শুধু এটুকুই বলতে চাই, বিজেপির বিরোধিতা করলেই কাউকে এভাবে দুমদাম দেশবিরোধী তকমা দিয়ে দেওয়া ওদের অভ্যাস। বাকি বিষয়ে সিপিএমই উত্তর দেবে।”







