বুধবার ৭৫ তম জন্মদিবস দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । সেদিনই ঘোষণা করা হলো সেবাপক্ষ অভিযানের । এই সেবপক্ষ অভিযানে মহিলারা বিনামূল্যে ওষুধ ও টেস্টের সুবিধা পাবেন । আশা , এর ফলে উপকৃত হবেন ৪ কোটিরও বেশি মহিলা ।
বুধবার , নিজের ৭৫ তম জন্মদিবসে , মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে , সেখান থেকেই সেবাপক্ষ অভিযানের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । পাশাপাশি অপরেশন সিঁদুরের সাফল্য নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী ।
মধ্যপ্রদেশের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন , “এটা আজকের নতুন ভারত। এই ভারত কাউকে ভয় পায় না। নতুন ভারত পরমাণু হামলার হুমকিতে ভয় পায় না। ভারতীয় সেনাবাহিনী ঘরে ঢুকে শত্রুদের নিকেশ করে আসতে পারে।”
এদিন নরেন্দ্র মোদী আরো বলেন , “পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। আমরা অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছি। আমাদের বীর সেনা জওয়ানরা চোখের পলকে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। গতকালই দেশ তথা গোটা বিশ্ব সাক্ষী থেকেছে যে আরেক জঙ্গি কীভাবে কেঁদে কেঁদে বর্ণনা দিয়েছে। জইশ জঙ্গিই পাকিস্তানের পর্দাফাঁস করে দিয়েছে।”
পাশাপাশি এদিন নারীদের সেবার লক্ষ্যে অভিযানের কথাও ঘোষণা করেন। তিনি বলেন , সুস্থ নারী হলেই শক্তিশালী পরিবার হবে । প্রধানমন্ত্রী এদিন জানান , সুস্থ নারী, শক্তিশালী পরিবার ক্যাম্পেনের অধীনে চালু করা হবে আয়ুষ্মান আরোগ্য মন্দিরও । যাতে মহিলাদের চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় বেশি করে সুবিধা দেওয়া যায়। এই স্বাস্থ্যক্যাম্প গুলিতে মানসিক স্বাস্থ্য, অ্যানিমিয়া ও লাইফস্টাইল সহ বহু রোগের চিকিৎসার সুবিধাও পাওয়া যাবে।






