মালদহে কার্তিকপুজোর মেলাকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা। কয়েক জন যুবকের মধ্যে চলা ঝামেলা মেটাতে গিয়ে প্রাণ হারালেন এক বিজেপি নেতা। অভিযোগ, বচসা থামাতে গেলে এক যুবক তাঁকে মারধর করেন। এর পরেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম চন্দন মণ্ডল (৪৫)। তিনি হবিবপুরের ঋষিপুর অঞ্চলে বিজেপির মণ্ডল সহ-সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ ঋষিপুরের চাঁদপুর এলাকায় ঘটনাটি ঘটে। সেখানে ষড়ানন কার্তিকপুজো উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
স্থানীয় সূত্রে খবর, রাতে কোনও কারণে মেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় কয়েক জন যুবকের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, ওই যুবকেরা মত্ত অবস্থায় ছিলেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান চন্দন। তখনই এক যুবক তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। মারধরের পর অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের একাংশের দাবি, চন্দনের আগে থেকেই হৃদ্রোগের সমস্যা ছিল। ঘটনার পর তাঁর মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ জানিয়েছেন, ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির অভিযোগ, এই হত্যাকাণ্ডের পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। মালদহ জেলা পরিষদের বিজেপি সদস্য তারাশঙ্কর রায়ের দাবি, এলাকায় মদ, জুয়া ও মাদকের বাড়বাড়ন্তের জেরেই অপরাধ বাড়ছে।
মৃতের স্ত্রী পূর্ণিমা মণ্ডলও স্থানীয় তৃণমূল নেতা কানাই চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিজেপি করার কারণেই তাঁর স্বামীকে হিংসার শিকার হতে হয়েছে। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। ফলে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও জোরালো হয়েছে। পুলিশের তদন্তের দিকেই এখন নজর স্থানীয়দের।







