রাতের কলকাতা মেট্রোয় যাতায়াতের সময় ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক তরুণী। অভিযোগ, প্রবল ভিড়ের সুযোগ নিয়ে তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন এক ব্যক্তি। শুধু তাই নয়, অভিযুক্তের প্যান্টের চেন খোলা ছিল বলেও দাবি তরুণীর। প্রতিবাদ করেও পরিস্থিতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত চিৎকার শুরু করেন তিনি। যাত্রীদের একাংশ এগিয়ে আসতেই রবীন্দ্রসদন স্টেশনে নেমে যান ওই ব্যক্তি। ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। অভিযুক্তের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি বুধবার রাতের। অভিযোগকারিণী জানান, রাত ৮টা ৫৭ মিনিট নাগাদ চাঁদনি চক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তিনি। তাঁর গন্তব্য ছিল কবি নজরুল। এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোয় যাত্রীসংখ্যা বাড়তে শুরু করে। সেই সময় মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, এসপ্ল্যানেড থেকেই এক ব্যক্তি তাঁর পিছনে এসে দাঁড়ান।
**প্রতিবাদ করেও রেহাই পাননি তরুণী**
তরুণীর অভিযোগ, কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন, পিছন থেকে তাঁকে অশালীনভাবে স্পর্শ করা হচ্ছে। প্রথমে প্রতিবাদ করলেও অভিযুক্ত থামেননি। পরে ঘুরে তাকিয়ে তাঁর প্যান্টের চেন খোলা অবস্থায় দেখতে পান বলে দাবি অভিযোগকারিণীর। বিষয়টি প্রকাশ্যে আসতেই চিৎকার শুরু করেন তিনি। সেই সময় অভিযুক্ত প্লাস্টিকের প্যাকেট দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেন বলেও অভিযোগ।
তরুণীর চিৎকার শুনে কামরার কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। অভিযুক্তকে আটকানোর চেষ্টা হলেও শেষ পর্যন্ত রবীন্দ্রসদন স্টেশনে নেমে যান তিনি। তরুণীর দাবি, যাতে ওই ব্যক্তি পালাতে না পারেন, সে জন্য সহযাত্রীদের সাহায্য চেয়েছিলেন। কিন্তু তার আগেই অভিযুক্ত মেট্রো থেকে নেমে পড়েন।
**স্টেশনে অভিযোগ জানিয়েও মেলেনি সাহায্য?**
ঘটনার পর আতঙ্কিত তরুণী রাত ৯টা ২৪ মিনিট নাগাদ কবি নজরুল স্টেশনে নামেন। সেখানে অভিযোগ জানালেও প্রত্যাশিত সাহায্য পাননি বলে দাবি তাঁর। পরদিন বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এরপর তদন্তে নামে পুলিশ। অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে প্রথমে রবীন্দ্রসদন স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পরে চাঁদনি চক ও এসপ্ল্যানেড স্টেশনেও যায় তদন্তকারী দল। ফের রবীন্দ্রসদন স্টেশনের ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তের গতিবিধি বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।
**আগেও এমন ঘটনা ঘটিয়েছেন? উঠছে প্রশ্ন**
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তরুণী জানান, ঘটনার সময় তাঁর ফোন ব্যাগের মধ্যে থাকায় ছবি বা ভিডিয়ো করতে পারেননি। তাঁর আরও দাবি, এক মহিলা যাত্রী তাঁকে জানিয়েছিলেন, ওই ব্যক্তি এর আগেও একই ধরনের আচরণ করেছেন। যদিও সেই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হয়নি।
এখনও পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজের সাহায্যে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ব্যস্ত সময়ে মেট্রোর মতো গণপরিবহণে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল এই অভিযোগ।







