আজ থেকে কলকাতা মেট্রোয় নিয়মভঙ্গের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিনা টিকিটে যাতায়াত, মেট্রো স্টেশনে বা কোচে ধূমপান, অশালীন আচরণ, নিষিদ্ধ এলাকায় প্রবেশ-সহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে কার্যকর হতে চলেছে ‘জন বিশ্বাস আইন, ২০২৬’। নতুন আইনে একাধিক অপরাধে জরিমানার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে। যাত্রীদের আগাম সচেতন করতে ইতিমধ্যেই প্রতিটি মেট্রো স্টেশনে নতুন নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোর কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
নতুন বিধি অনুযায়ী, বিনা টিকিটে যাতায়াত করতে ধরা পড়লে আগে যেখানে ২৫০ টাকা জরিমানা দিতে হত, এখন থেকে দিতে হবে ৫০০ টাকা। একইভাবে কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব ভ্রমণ করলেও সেই একই শাস্তি প্রযোজ্য হবে। এছাড়া একজন যাত্রীর সঙ্গে একই গেট দিয়ে অন্য কেউ বিনা টিকিটে বেরিয়ে গেলে তাকেও টিকিটবিহীন যাত্রী হিসেবে গণ্য করে জরিমানা করা হবে।
মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোচ, প্ল্যাটফর্ম এবং ভূগর্ভস্থ স্টেশন চত্বরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে ২ হাজার টাকা জরিমানা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীর টিকিট বা পাস বাজেয়াপ্ত করা হতে পারে। কেউ জরিমানা দিতে অস্বীকার করলে তাঁকে আদালতে হাজির করা হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত বা অসুবিধায় ফেললে সেই ব্যক্তিকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় শাস্তিই দেওয়া হতে পারে।
এছাড়াও মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অসভ্য আচরণ বা অন্য যাত্রীদের অসুবিধার কারণ হলে সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট যাত্রীর টিকিটও বাতিল করা হতে পারে।
শুধু যাত্রীদের ক্ষেত্রেই নয়, মেট্রো কর্মীদের জন্যও নতুন বিধি প্রযোজ্য হবে। দায়িত্ব পালনের সময় কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা অন্য কোনও নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আবেদন, সব যাত্রী যেন নিয়ম মেনে যাতায়াত করেন এবং নিরাপদ ও নির্বিঘ্ন পরিষেবা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করেন। কর্তৃপক্ষের দাবি, নতুন আইন কার্যকর হওয়ার আগেই সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে, যাতে প্রত্যেক যাত্রী আগে থেকেই নতুন নিয়ম সম্পর্কে অবগত থাকতে পারেন।







