কলকাতারাজনীতি

মোদির দমদম সভাতেও ব্রাত্য দিলীপ ঘোষ, আমন্ত্রণই পেলেন না বঙ্গবিজেপির দাপুটে নেতা

আগামীকাল অর্থাৎ ২২ অগস্ট ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো রুটের উদ্বোধনের পর দমদমে জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই সভাস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু এই সফর ঘিরে বিজেপির অন্দরে ফের উথালপাথাল—কারণ, আমন্ত্রণই পাননি বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার সকালে নিজেই বিষয়টি স্পষ্ট করেন দিলীপ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” যদিও তিনি আরও জানান, দলের নির্দেশ মেনে কাজ তিনি চালিয়ে যাবেন।

উল্লেখ্য, বঙ্গ বিজেপিতে দীর্ঘদিন ধরেই নব্য বনাম পুরনো দ্বন্দ্ব প্রকট। রাজ্যে দলের উত্থানের পিছনে অন্যতম মুখ হলেও ধীরে ধীরে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। গত কয়েক মাসে মোদি কিংবা অমিত শাহের বাংলাসফরেও তাঁকে দেখা যায়নি। যা নিয়ে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি।

শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর অনেকে ভেবেছিলেন ফের গুরুত্ব ফিরে পেতে পারেন দিলীপ। কিন্তু মোদির আসন্ন দমদম সভাতেও তাঁকে আমন্ত্রণ না জানানোয় সেই জল্পনাও কার্যত স্তব্ধ।

রাজনৈতিক মহলে তাই এখন প্রশ্ন—বাংলা বিজেপির প্রথম সারির মুখ হয়েও ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছেন দিলীপ ঘোষ, তবে কি ‘দাবাং দিলীপ’-এর সক্রিয় রাজনৈতিক অস্তিত্ব এখন প্রশ্নের মুখে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.