কলকাতা

এসএসকেএম-কাণ্ডে নতুন মোড়: ডাক্তার সেজে নাবালিকাকে নিয়ে যায় এনআরএস-এর নিরাপত্তারক্ষী, বাজেয়াপ্ত পোশাক

এসএসকেএম হাসপাতালের ভেতরে এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় যুক্ত হচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত অমিত মল্লিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৯ (পরিচয় ভাঁড়ানো) নম্বর ধারা যুক্ত করেছে। বিস্ফোরক তথ্যটি হলো অভিযুক্ত অমিত মল্লিক নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়েছিল এবং চিকিৎসকের পোশাকেই সে নাবালিকাটিকে তার দাদুর কাছ থেকে নিয়ে যায়। সেই পোশাক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার রাতে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে। মনোরোগ বিভাগে মা ও দাদুর সঙ্গে ডাক্তার দেখাতে আসে ১৫ বছরের ওই নাবালিকা। দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ মেয়েটি যখন দাদুর কাছে অপেক্ষা করছে, ঠিক তখনই চিকিৎসকদের পরনে থাকা গাউন ও হেড ক্যাপ পরে তাদের কাছে আসে অভিযুক্ত অমিত মল্লিক। সে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে পরীক্ষার নামে নাবালিকাটিকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর ট্রমা কেয়ারের অভ্যন্তরে একটি প্রাইভেট শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ করে সে যৌন নির্যাতন চালায় মেয়েটির কাছে মোবাইল ছিল। সেই সময় একটি অজ্ঞাত নম্বর থেকে কল এলে সে ফোনটি রিসিভ করে। ফোনটি ছিল তার মায়ের। মেয়েটি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠে, “আমার পুলিশের সাহায্য লাগবে!” এই কথা শুনেই অভিযুক্ত দরজা খুলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ভয়াবহ ঘটনার খবর পাওয়ামাত্রই হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। হাসপাতালের উপাধ্যক্ষ পীযূষ কুমার রায় ঘটনাটির অভিযোগ আউটপোস্টের পুলিশ আধিকারিকদের কাছে ফরওয়ার্ড করেন। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে, অভিযুক্তকে নাবালিকার সঙ্গে হেঁটে যেতে দেখা যায়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে, ওই ব্যক্তি তাদের কোনো চিকিৎসক নন।তাহলে চিকিৎসকের পোশাক কেন? সূত্র মারফত জানা যায়, এনআরএস হাসপাতালের অস্থায়ী নিরাপত্তারক্ষী অমিত মল্লিক দালাল চক্রের সঙ্গে যুক্ত। চিকিৎসকের পোশাকে থাকলে রোগীদের বিশ্বাস অর্জন করা সহজ হয় এবং সন্দেহ কম হয় বলেই সে এই কৌশল নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত অমিত মল্লিক এনআরএস হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত। আগে সে এসএসকেএম এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালেও কাজ করেছে। তাই হাসপাতাল দু’টিতে তার অবাধ বিচরণ ছিল। ঘটনার গুরুত্ব বুঝে গতকাল রাতেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.