জেলা

ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, আতঙ্ক ছড়াল নানুরে অজয় নদের তীরে

নানুরের লাউদহ সংলগ্ন অজয় নদের তীরে ফের উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। বুধবার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণের তীব্রতা ও কম্পনে কেঁপে উঠেছিল গোটা লাউদহ এলাকা। আর তার পরদিন, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলেদের জালে উঠে আসে আরও একটি একই ধরনের বোমা। আগের বিস্ফোরণের স্থান থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই নতুন বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদী তীরবর্তী গ্রামগুলিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে আটকে পড়ে বোমাটি। মুহূর্তেই খবর পৌঁছয় বোলপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে। মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীও, যাতে কেউ নিষিদ্ধ এলাকায় প্রবেশ না করতে পারে। প্রশাসন সূত্রে খবর, সেনাবাহিনীকে ইতিমধ্যেই জানানো হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

উল্লেখ্য, বুধবার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণের অভিঘাতে অজয় নদের তীরে তৈরি হয়েছিল বিশাল গর্ত। সেই কম্পনের ভয় এখনও কাটিয়ে উঠতে পারেননি স্থানীয়রা। নতুন করে আরও একটি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিনই ভয় পাচ্ছি, জানি না আবার কখন কী হয়! রাতে ঘুমোতেও পারছি না।”

প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া বোমাটি সেনাবাহিনীর বোম্ব স্কোয়াড এসে পরীক্ষা করে নিরাপদে সরিয়ে নেবে। আপাতত এলাকাটি পুরোপুরি কর্ডন করে রাখা হয়েছে।

অজয় নদ ঘেঁষা লাউদহ অঞ্চলে এখন ভয়ের ছায়া ঘনিয়ে এসেছে। বিস্ফোরণের শব্দ থেমে গেলেও আতঙ্কের কম্পন এখনও গেঁথে রয়েছে মানুষের মনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.