খেলাধুলা

রান না পেয়েও রেকর্ড রোহিত-কোহলির! নিউজিল্যান্ডের মাটিতে বোলিংয়ে ইতিহাস গড়লেন গুর্নুর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। বৃষ্টির কারণে বিঘ্নিত ম্যাচে মাত্র ৭ রান করেই সাজঘরে ফেরেন কোহলি। অন্যদিকে, শুরুটা ভালো করলেও ২৩ রানের বেশি এগোতে পারেননি রোহিত। তবে অল্প রান করেও রেকর্ডের পাতায় নাম তুলে নিলেন ভারতীয় দলের দুই তারকা। পাশাপাশি বল হাতে নজর কাড়লেন গুর্নুর ব্রার। তাঁর সঙ্গে আকিব নবির দুরন্ত বোলিংয়ে লজ্জার নজির গড়ল কিউয়ি বাহিনী।

দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারল না নিউজিল্যান্ড। আকিব নবির দুর্দান্ত সুইং এবং গুর্নুর ব্রারের গতি ও বাউন্সের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে কিউয়ি ব্যাটাররা। ৪১ ওভার ব্যাট করে ১৭৬টি বল ডট দেয় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে এটিই নিউজিল্যান্ডের সর্বনিম্ন ওয়ানডে স্কোর। এই বিপর্যয়ের পিছনে বড় ভূমিকা ছিল ভারতীয় দুই পেসারের।

আকিব নবির প্রধান অস্ত্র সুইং। অন্যদিকে, গুর্নুর ব্রার নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে পিচ থেকে অতিরিক্ত বাউন্স আদায় করে নেন। ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করে কিউয়ি ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন তিনি। ৩০ রান খরচ করে তুলে নেন ৪টি উইকেট। গত ২৪ বছরে নিউজিল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় বোলারের এটিই সেরা পারফরম্যান্স। অনিল কুম্বলের ৩৩ রানে ৫ উইকেট এবং জাভাগল শ্রীনাথের ২৩ রানে ৪ উইকেটের পর নিউজিল্যান্ডে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং নজির গড়লেন গুর্নুর।

তবে মাত্র ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও স্বস্তিতে ছিল না ভারত। বিরাট কোহলি ৭ বল খেলে ৭ রান করেই ফিরে যান। কিন্তু এই সামান্য রানেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের দখলে। কিউয়িদের বিরুদ্ধে ৫০ ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ১৯৭১ রান। মাত্র ৩৮ ইনিংসেই সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি।

অন্যদিকে, রোহিত শর্মাও নিজের নাম লেখালেন রেকর্ডের খাতায়। ২৮ বলে ২৩ রান করেন তিনি। ইনিংসে ছিল দুটি ছক্কা। এর ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির গড়লেন ভারতীয় ওপেনার। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। কিউয়িদের বিরুদ্ধে তাঁর ছক্কার সংখ্যা ছিল ৫০। দ্বিতীয় ওয়ানডেতে আরও দুটি ছক্কা মেরে রোহিত সেই সংখ্যাকে ৫১-তে নিয়ে গেলেন। ফলে ব্যাট হাতে বড় ইনিংস না খেললেও রেকর্ডের তালিকায় জায়গা করে নিলেন রোহিত ও কোহলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.