নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসার ব্যয়। বরং সাধারণ মূল্যবৃদ্ধির তুলনায় অনেক দ্রুত গতিতে বাড়ছে স্বাস্থ্য পরিষেবার খরচ। ছোটখাটো অসুস্থতা থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা, সব ক্ষেত্রেই সাধারণ মানুষের খরচের বোঝা ক্রমশ ভারী হচ্ছে। ওষুধ কেনা, বিভিন্ন শারীরিক পরীক্ষা কিংবা হাসপাতালে ভর্তি হওয়া—প্রতিটি ক্ষেত্রেই ব্যয় বাড়ছে। আগামী বছরেও এই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ২০২৭ সালে ভারতে চিকিৎসার খরচ ১০.১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২৬ সালে এই বৃদ্ধির হার ছিল ১১.৫ শতাংশ। অর্থাৎ সাধারণ মূল্যবৃদ্ধির তুলনায় চিকিৎসার খরচ বাড়বে দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক পেশাদার পরিষেবা প্রদানকারী সংস্থা আয়নের সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। পাশাপাশি হৃদ্রোগ, ক্যানসার এবং শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় বিপুল অর্থ ব্যয়ের বিষয়টিও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
আয়নের প্রকাশিত ‘২০২৭ গ্লোবাল মেডিক্যাল ট্রেন্ড রেটস’ রিপোর্ট বলছে, আগামী বছর ভারতে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধির হার হতে পারে ১০.১ শতাংশ। অন্যদিকে, সাধারণ মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যে হারে বাড়বে, চিকিৎসার খরচ বৃদ্ধির হার হবে তার আড়াই গুণেরও বেশি। সাধারণ মুদ্রাস্ফীতির প্রভাব বাদ দিলে চিকিৎসার ব্যয় বৃদ্ধির প্রকৃত হার দাঁড়াচ্ছে ৬.১ শতাংশ।
আয়নের স্বাস্থ্য ও সম্পদ বিভাগের ভারতীয় প্রধান অ্যাশলে ডি’সিলভার বক্তব্য, চিকিৎসার ব্যয় ক্রমাগত বেড়ে চলায় বিভিন্ন সংস্থার স্বাস্থ্যবিমা এবং কর্মীদের চিকিৎসার জন্য নির্ধারিত বাজেটের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে।
রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে চিকিৎসার পিছনে সবচেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে হৃদ্রোগের ক্ষেত্রে। তালিকায় পরবর্তী স্থানে রয়েছে কান, নাক ও গলার বিভিন্ন সমস্যা। এরপরেই রয়েছে ফুসফুস ও শ্বাসযন্ত্রের অসুখ এবং ক্যানসার। এই ধরনের রোগের চিকিৎসায় দীর্ঘ সময় ধরে ওষুধ খাওয়া, নিয়মিত পরীক্ষা করানো এবং অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়। স্বাভাবিকভাবেই চিকিৎসার সামগ্রিক ব্যয়ও অনেকটা বেড়ে যায়।
এছাড়াও উচ্চ রক্তচাপ, শারীরিক পরিশ্রমের অভাব এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ভবিষ্যতে স্বাস্থ্যখাতে খরচ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠতে পারে। স্থূলতা ও ডায়াবেটিসের ক্রমবর্ধমান সমস্যাও নতুন করে উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, রোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করে দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিসের চিকিৎসায় জিএলপি-১ শ্রেণির ওষুধের ব্যবহার আন্তর্জাতিক স্তরে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৭০ শতাংশ দেশে এই ধরনের ওষুধের ব্যবহার বা প্রাপ্যতা রয়েছে। যদিও সব দেশেই এই ওষুধের খরচ স্বাস্থ্যবিমার আওতায় আসে না। ফলে দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে রোগী ও পরিবারের উপর আর্থিক চাপ বাড়ার আশঙ্কা থাকছে।
এই পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, শরীরচর্চা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং সময়মতো রোগ নির্ণয়ের অভ্যাস গড়ে তোলার কথা বলা হয়েছে। অসুস্থ হওয়ার পর চিকিৎসা শুরু করার পরিবর্তে আগে থেকেই স্বাস্থ্য সচেতন হলে ভবিষ্যতে চিকিৎসার বিপুল খরচের বোঝা অনেকটাই কমানো সম্ভব।







