দুর্গাপুজোর পাস জালিয়াতি ও টেন্ডার দুর্নীতি মামলায় ক্রমশ বাড়ছে তদন্তের জট। এবার পুলিশের জেরায় স্বামী ইন্দ্রনীল সেনকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন স্ত্রী মধুছন্দা সেন। সূত্রের খবর, পুলিশের কাছে দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, ইন্দ্রনীল নিজের ইচ্ছেমতো কাজ করতেন এবং কারও কথা শুনতেন না। এই নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধও হত।
ইন্দ্রনীল গ্রেফতারের পরই তদন্তকারীদের নজরে আসেন মধুছন্দা। তাঁকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর তৈরি হওয়া ‘মাস আর্ট’ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিযোগ, ইউনেস্কোর অনুমোদনের কথা বলে বেআইনিভাবে পুজোর পাস বিক্রি করা হয়েছিল। যদিও এমন কোনও চুক্তির কথা অস্বীকার করেছে ইউনেস্কো।
তদন্তকারীরা দম্পতির পাশাপাশি তাঁদের মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখছেন। গোয়েন্দাদের দাবি, পুজো ও টেন্ডার দুর্নীতি মিলিয়ে আর্থিক অনিয়মের পরিমাণ ১১৫ কোটি টাকারও বেশি। তবে তদন্তের স্বার্থে সমস্ত অভিযোগ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।







