কলকাতা: হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিনব প্রতারণার ঘটনায় বড়সড় সাফল্য পেল বাগুইহাটি থানার পুলিশ। প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া ৩০ লক্ষ ৭২ হাজার টাকা ভুক্তভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত আনতে সক্ষম হয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত চার্নক হসপিটালস প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অতনু মুখার্জীর একটি লিখিত অভিযোগ থেকে। তিনি জানান, একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন কল পান তিনি। ওই নম্বরের প্রোফাইল ছবিতে ছিল তাঁরই কোম্পানির পরিচালক প্রশান্ত শর্মার ছবি। কলারের দাবি ছিল, অফিসিয়াল কাজের জন্য তিনি একটি নতুন মোবাইল নম্বর ব্যবহার করছেন।
অভিযোগকারী সরল বিশ্বাসে বিষয়টি সত্য বলে ধরে নেন। প্রতারকের নির্দেশ অনুযায়ী তিনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে স্থানান্তর করেন। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এরপরই বাগুইহাটি থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৭২২/২৫ অনুযায়ী তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে পুলিশ অভিযুক্তের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। এরই ভিত্তিতে তামিলনাড়ুর চেন্নাই থেকে অভিযুক্ত সিকন্দর বাচাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে কলকাতায় এনে বাগুইহাটি থানায় রাখা হয়। পুলিশের সক্রিয়তায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া সম্পূর্ণ অর্থ— ৩০ লক্ষ ৭২ হাজার টাকা— ভুক্তভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।
অভিযুক্তকে আদালতে হাজির করা হলে মাননীয় আদালত সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও অনলাইন মাধ্যমে প্রতারণার ঘটনায় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আবেদন জানিয়েছে পুলিশ।







