অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের জন্য দীর্ঘ ১৫টা বছর অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডকে। অবশেষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঘুচল সেই খরা। প্রায় ৫৪৬৮ দিন পর ক্যাঙ্গারুদের দেশে টেস্ট জয়ের স্বাদ পেলেন বেন স্টোকসরা। তাও আবার যেনতেন জয় নয়, মাত্র দুই দিনেই শেষ হয়ে গেল বক্সিং ডে টেস্ট। একদিকে যখন ব্রিটিশ ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ তুলে কড়া সমালোচনা হচ্ছিল, ঠিক তখনই মাঠের পারফরম্যান্সে তার যোগ্য জবাব দিল থ্রি-লায়ন্সরা।
মেলবোর্নের উইকেট যে বোলারদের স্বর্গরাজ্য হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল প্রথম দিনেই। শনিবার খেলা গড়ালে দেখা যায় দু’দিন মিলিয়ে মোট ২০টি উইকেটের পতন ঘটেছে। প্রথম ইনিংসে অজিদের ১৫২ রানে অলআউট করে দিয়েও খুব একটা স্বস্তিতে ছিল না ইংল্যান্ড, কারণ মাত্র ১১০ রানেই শেষ হয়ে গিয়েছিল তাদের প্রথম ইনিংস। ৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া যে এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তা হয়তো অতি বড় ইংরেজ সমর্থকও ভাবেননি।
ট্রাভিস হেড একা লড়াই করে ৪৬ রান করলেও বাকিরা ছিলেন প্যাভিলিয়নে ফেরার তাড়ায়। লাবুশানে, খোয়াজা কিংবা ক্যারি কারও ব্যাটেই রান নেই। স্টিভ স্মিথ ২৪ রানে অপরাজিত থাকলেও যোগ্য সঙ্গীর অভাবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩২ রানে। ইংল্যান্ডের ব্রাইডন কার্স একাই নিলেন ৪ উইকেট, অধিনায়ক স্টোকস নিলেন ৩টি। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১৭৫ রানের।
মেলবোর্নের মরণফাঁদে ১৭৫ রান তোলাও যে কোনো হিমালয় জয়ের চেয়ে কম ছিল না। কিন্তু এবার আর ভুল করেননি জ্যাক ক্রলি আর বেন ডাকেটরা। ওপেনিং জুটিতে ৫১ রান আসতেই জয়ের ভিত তৈরি হয়ে যায়। রুট দ্রুত আউট হলেও জ্যাকব বেথেলের ধৈর্যশীল ৪০ রান ইংল্যান্ডকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এই জয়ের ফলে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার যে স্বপ্ন ছিল, তাতে জল পড়ে গেল। সেই ২০১০-১১ মরশুমে সিডনিতে শেষবার জিতেছিল ইংল্যান্ড, তারপর টানা ১৮টি ম্যাচে জয় অধরা ছিল। মেলবোর্নের এই জয় শুধু সিরিজ বাঁচানো নয়, ব্রিটিশ ক্রিকেটের আত্মসম্মানও ফিরিয়ে দিল।







