ক্রাইম

মাটিগাড়া গণধর্ষণ মামলা: ২০ বছরের সশ্রম কারাদণ্ড দুই দোষীর

মাটিগাড়া গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দুই অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নির্যাতিতার পরিবার। আদালতের এই কড়া বার্তাকে স্বাগত জানিয়েছেন আইনজ্ঞ মহলও।

ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ৭ জুন। কলেজ শেষে বাড়ি ফেরার পথে তাড়াতাড়ি পৌঁছানোর আশায় মাটিগাড়ার একটি চা-বাগানের ভিতর দিয়ে শর্টকাট রাস্তা বেছে নিয়েছিলেন এক ছাত্রী। সেই সময়েই তাঁকে পিছু করতে শুরু করে দুই স্থানীয় যুবক—অলয় রায় ও বিশাল মহন্ত। সুযোগ বুঝে তাঁকে জোর করে জঙ্গলের ভিতর টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর নির্যাতিতার বাবা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। সাব-ইন্সপেক্টর সুবর্ণা রথের নেতৃত্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

মামলার শুনানিকালে সরকারি পক্ষ একাধিক সাক্ষ্যপ্রমাণ পেশ করে। সমস্ত তথ্য ও প্রমাণ বিচার করে আদালত অভিযুক্ত দু’জনকেই দোষী সাব্যস্ত করেন। বিচারক তাঁর রায়ে জানান, এই ধরনের অপরাধ সমাজের জন্য ভয়ংকর এবং এর বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি।

আদালতের রায় ঘোষণার পর নির্যাতিতার পরিবার জানিয়েছে, দীর্ঘ আইনি লড়াইয়ের পর ন্যায়বিচার পেয়ে তাঁরা সন্তুষ্ট। একই সঙ্গে এই রায় সমাজে অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলেও মত তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.