ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকায় ঘটে গেল এক চরম নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক বিবাদের জেরে ঠান্ডা মাথায় নিজের স্ত্রীসহ একই পরিবারের ৭ জন সদস্যকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম ইন্দুশেখর। পুলিশ এই ঘটনাকে একটি সুপরিকল্পিত ও নারকীয় ‘পারিবারিক গণহত্যা’ বলে বর্ণনা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, তাঁদের দুই স্ত্রী (উভয়ের নামই দিব্যা) এবং শঙ্করের মাত্র ৭ বছর বয়সী নিষ্পাপ সন্তান পুনীত। পুলিশ এখনও পর্যন্ত শুধুমাত্র শিশু পুনীতের রক্তাক্ত দেহ উদ্ধার করতে পেরেছে। বাকিদের দেহ বিভিন্ন জায়গায় লোপাট করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। ২০ বছরের বিবাহিত জীবনে স্ত্রী সুনীতার বাপের বাড়ি যাওয়া নিয়ে প্রায়ই অশান্তি হতো। সেই ক্ষোভ থেকেই খুনের ছক কষে ইন্দুশেখর।
প্রথমে রাজাজিনগরের বাড়িতে স্ত্রী সুনীতাকে ভারী শিলনোড়া দিয়ে আঘাত করে খুন করে সে। এরপর দেহ কাপড়ে মুড়ে নন্দী হিলসের কাছে ফেলে দিয়ে আসে। প্রতিবেশীদের সন্দেহ এড়াতে স্ত্রীর ফোন বন্ধ করে গল্প ফাঁদে যে, সুনীতা বেড়াতে গেছে!
পরের দিন নিজের বাড়িতেই দুই শ্যালককে মদ ও মাংসের পার্টির লোভ দেখিয়ে ডেকে আনে সে। তারা আসতেই একে একে তাঁদের এবং পরিবারের বাকি সদস্যদেরও একই শিলনোড়া দিয়ে পিটিয়ে খতম করে ইন্দুশেখর!
এই রোমহর্ষক ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বাকি ৬টি মৃতদেহ উদ্ধারের জন্য বেঙ্গালুরু এবং প্রতিবেশী জেলা চিক্কাবল্লাপুরের একাধিক নির্জন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।







