রাজ্য

টেলিমেডিসিনে নতুন মাইলফলক বাংলার, নজির গড়ল তিন জেলা

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় দেশজুড়ে দৃষ্টান্ত তৈরি করছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পের মাধ্যমে টেলিমেডিসিন পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্য এসেছে রাজ্যে। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের প্রান্তিক মানুষ—সবাই এখন ঘরে বসেই পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৭ কোটি মানুষ এই পরিষেবার আওতায় এসেছেন।

শুক্রবার স্বাস্থ্য ভবনে আয়োজিত এক রিভিউ বৈঠকে টেলিমেডিসিন পরিষেবায় সেরা পারফরম্যান্সের জন্য তিনটি মেডিক্যাল কলেজকে বিশেষভাবে তুলে ধরা হয়। তালিকার শীর্ষে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ।

বর্তমানে রাজ্যজুড়ে ১০ হাজারেরও বেশি ‘সুস্বাস্থ্য কেন্দ্র’-তে চালু রয়েছে এই টেলিমেডিসিন পরিষেবা। আশাকর্মীরা গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের চিহ্নিত করেন এবং প্রয়োজন হলে তাঁদের সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। সেখান থেকেই ভিডিও বা ফোন কলের মাধ্যমে সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়।

রামপুরহাট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. করবী বড়াল বলেন, “টেলিমেডিসিন পরিষেবায় আমাদের কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে—এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে।”

এদিনের বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপাররা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে ই-প্রেসক্রিপশন পরিষেবাকে বাধ্যতামূলক করার বিষয়টি। ডিজিটাল প্রেসক্রিপশন চালু হলে ওষুধের ভুল বোঝাবুঝি কমবে এবং চিকিৎসার তথ্য সংরক্ষণ করা সহজ হবে বলে জানানো হয়।

পাশাপাশি পিপিপি মডেলে চালু থাকা সিটি স্ক্যান, এমআরআই ও ডায়ালিসিস পরিষেবার খরচ ও সচেতনতা নিয়েও আলোচনা হয়। এছাড়া বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে এমবিবিএস আসন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.