জেলা

নাদনঘাটে খড়ি নদীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা স্কুল পড়ুয়াসহ একাধিক যাত্রী; সেতুর দাবিতে সরব এলাকাবাসী

পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত দাদপুর এলাকায় শুক্রবার সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দা। খড়ি নদী পারাপারের সময় আচমকা উল্টে যায় একটি ছোট নৌকা। তবে নৌকাটি নদীর পাড়ের খুব কাছাকাছি থাকায় উপস্থিত বুদ্ধি খাটিয়ে যাত্রীরা দ্রুত লাফ দিয়ে তীরে উঠে আসেন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাদপুর ও কুতিরডাঙ্গার মাঝখান দিয়ে প্রবাহিত খড়ি নদী বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদীতে জলস্তর যেমন বেড়েছে, তেমনই জলের উপর ভাসমান কচুরিপানা ও পানা পারাপারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে নৌকাটি প্রায় তীরে পৌঁছে গিয়েছিল। সেই সময় ভাসমান পানায় নৌকার গতি আটকে ভারসাম্য নষ্ট হয়ে আচমকাই সেটি উল্টে যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় দুর্ঘটনা এড়িয়ে যান যাত্রী ও পড়ুয়ারা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পারাপার করতে হচ্ছে। ছোট নৌকায় দুই পাড়ে দড়ি বেঁধে টেনে মানুষ যাতায়াত করেন। বর্ষার সময় একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি হলেও প্রবল স্রোতে তা প্রায়শই ভেঙে যায়। চলতি বছর এখনও সেই অস্থায়ী সেতু নির্মাণ করা হয়নি, ফলে দড়ি-নির্ভর নৌকাই একমাত্র ভরসা।

ঘটনার পর প্রশাসনের কাছে স্থায়ী সেতু নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়দের বক্তব্য, একটি স্থায়ী ব্রিজ নির্মিত হলে প্রতিদিনের ঝুঁকিপূর্ণ পারাপার থেকে মুক্তি মিলবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.