জেলা

মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭

রাতের অন্ধকারে গড়ে উঠছিল কংক্রিটের প্রাসাদ, কিন্তু ভোরের আলো ফোটার আগেই ভেঙে চুরমার হয়ে গেল সেই ‘ফ্যান্টাসি’। সমুদ্রের ১০০ মিটারের মধ্যেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বেআইনি হোটেল নির্মাণের কাজ। তবে শেষরক্ষা হলো না। স্থানীয় বাসিন্দাদের সজাগ দৃষ্টি আর পুলিশের তৎপরতায় মাঝরাতেই গুঁড়িয়ে দেওয়া হলো নির্মীয়মাণ সেই অবৈধ কাঠামো।
ঘটনাটি মন্দারমণি থানা এলাকার শিলামপুর মৌজার। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সৈকতের খুব কাছে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছিল। প্রশাসনের নজর এড়াতে অভিনব পন্থা নিয়েছিল অসাধু চক্র। দিনের আলোয় সব শান্ত থাকলেও, ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁলেই শুরু হতো আসল খেলা। এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকা থেকে বালি ও মশলা তৈরি করে এনে রাতের অন্ধকারে চলত ঢালাইয়ের কাজ। ‘সুইট ফ্যান্টাসি রিসোর্ট’ নামে একটি হোটেলের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
কিন্তু চোরের দশ দিন তো গৃহস্থের একদিন! এলাকাবাসীরাও তক্কে তক্কে ছিলেন। বুধবার রাত ১২টা নাগাদ বেআইনি কাজ শুরু হতেই স্থানীয়রা খবর দেন মন্দারমণি থানায়। অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে প্রশাসন। রাত আড়াইটে নাগাদ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে ধরে ফেলে নির্মাণকাজ। সঙ্গে সঙ্গেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ওই বেআইনি নির্মাণ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।
রাজ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশ মতোই গোটা রাজ্যজুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলছে। মন্দারমণির এই ঘটনায় রাজনৈতিক পারদও চড়তে শুরু করেছে। যুব মোর্চার রামনগর ৪ মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বারিক এই প্রসঙ্গে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, “সরকার বদলালেও তোলাবাজদের দৌরাত্ম্য এখনও পুরোপুরি থামেনি।” অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.