উৎসবের মরশুমে মিষ্টির স্বাদে এবার পড়তে পারে চিনির আঁচ! বাজারে বাড়ছে চিনির দাম, তার সঙ্গে যোগ হয়েছে কেনাকাটায় বিধিনিষেধ। ফলে পুজোর আগে একসঙ্গে বেশি পরিমাণ চিনি কিনতে চাইলে সমস্যায় পড়তে পারেন সাধারণ ক্রেতারা।
শুধু পাড়ার দোকান বা বড় সুপারমার্কেট নয়, অনলাইন কুইক-কমার্স প্ল্যাটফর্মেও শুরু হয়েছে পরিমাণ বেঁধে বিক্রি। একবারে নির্দিষ্ট সীমার বেশি চিনি কার্টে যোগ করাই যাচ্ছে না। কোনও কোনও প্ল্যাটফর্মে সর্বোচ্চ দু’টি এক কেজির প্যাকেট কেনার সুযোগ মিলছে। অফলাইন বাজারেও পরিবারপিছু প্রায় ২ থেকে ৩ কেজি পর্যন্ত চিনি কেনার সীমা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
হঠাৎ কেন এই কড়াকড়ি?
উৎসবের আগে চিনির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারে মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কাই এই পদক্ষেপের অন্যতম কারণ। চাহিদা বাড়ার সুযোগ নিয়ে যাতে ব্যবসায়ীরা অতিরিক্ত চিনি মজুত করতে না পারেন, সেই লক্ষ্যেই খুচরো বিক্রিতে নজরদারি বাড়ানো হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বাজারে চিনির জোগান স্বাভাবিক রাখতে ১০ লক্ষ টন অপরিশোধিত চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে এই আমদানি করা যাবে। পাশাপাশি, আমদানি করা চিনি প্রক্রিয়াকরণ ও বাজারজাত করার জন্য মিল মালিকদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য স্পষ্ট—বাজারে চিনির ঘাটতি তৈরি হতে না দেওয়া এবং কৃত্রিমভাবে দাম বাড়ানোর প্রবণতা ঠেকানো। তবে আমদানি করা চিনি দেশে এসে পরিশোধিত হয়ে বাজারে পৌঁছতে কিছুটা সময় লাগবে। সেই সময়টুকুতেই যাতে অতিরিক্ত কেনাকাটা বা মজুতদারি পরিস্থিতিকে আরও জটিল না করে, সেজন্যই আপাতত এই ‘রেশনিং’ ব্যবস্থা।
চা বা রান্নার দৈনন্দিন ব্যবহারে হয়তো এই সীমাবদ্ধতার প্রভাব খুব বেশি পড়বে না। কিন্তু পুজোর মিষ্টি, নাড়ু, পায়েস কিংবা বাড়িতে বড় করে মিষ্টি তৈরির পরিকল্পনা থাকলে বাড়তি চিনির প্রয়োজন মেটানো কঠিন হতে পারে।
এখন নজর একটাই—সরকারের আমদানি ও সরবরাহ বৃদ্ধির পদক্ষেপে কবে বাজারে স্বাভাবিক হবে চিনির জোগান, আর কবে কমবে সাধারণ মানুষের বাড়তি খরচ।







