পশ্চিমবঙ্গ বিজেপির সংগঠনিক কাঠামো নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। দলের অভ্যন্তরেই উঠেছে অভিযোগ বিভিন্ন স্তরের কমিটি ও সদস্যসংখ্যা বাস্তবতার সঙ্গে মেলে না। বিজেপির রাজ্য নেতৃত্ব যে সংখ্যা দেখাচ্ছেন, তার অনেকটাই ভুয়ো কিংবা অতিরঞ্জিত এমন ধারণা তৈরি হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের মধ্যে।
এই প্রেক্ষিতে রাজ্যের সংগঠন ঘিরে স্বচ্ছ চিত্র পেতে ময়দানে নেমেছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। রাজ্যজুড়ে শুরু হয়েছে একটি নতুন সমীক্ষা, যেখানে বুথ, মণ্ডল ও শক্তিকেন্দ্র পর্যায়ে দলের প্রকৃত অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে ও সাংগঠনিক পর্যবেক্ষক পবন বনসল ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ঘুরে নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গেও যোগাযোগ রেখে যাচ্ছেন তাঁরা, যাতে বাস্তব তথ্য উঠে আসে।
দলীয় নেতৃত্ব মনে করছেন, এই সমীক্ষা থেকেই রাজ্যের আসল সাংগঠনিক চিত্র উঠে আসবে এবং আগামীর কৌশল নির্ধারণে তা হবে কার্যকর হাতিয়ার। বিশেষ করে নির্বাচনের প্রাকমুহূর্তে এই বিশ্লেষণ বিজেপির ভবিষ্যৎ রণনীতি তৈরিতে বড় ভূমিকা নিতে পারে।







