প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত নেপাল। হড়পা বান ও ভূমিধসের জেরে একের পর এক এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৫-এ পৌঁছেছে, নিখোঁজ বহু মানুষ। এই পরিস্থিতির মধ্যেই বিপর্যয়ের কারণ নিয়ে শুরু হয়েছে নেপাল ও চিনের মধ্যে চাপানউতোর।
বিপর্যয়ের পর নেপালের তরফে চিনের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। দাবি করা হয়, চিনের একটি বাঁধ ভেঙে যাওয়ার জেরেই আচমকা জলের স্রোত নেমে এসে বিপর্যয় আরও ভয়াবহ আকার নেয়। একইসঙ্গে বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও চিন আগে থেকে কাঠমান্ডুকে সতর্ক করেনি বলেও অভিযোগ ওঠে।
তবে নেপালের এই অভিযোগ সরাসরি খারিজ করেছে বেজিং। চিনের তরফে দাবি করা হয়েছে, বিপর্যয়ের সঙ্গে বাঁধ ভেঙে যাওয়ার সম্পর্কের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। নেপালে চিনা দূতাবাসও সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এই ধরনের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
চিনের বক্তব্য অনুযায়ী, নেপাল-চিন সীমান্তবর্তী এলাকায় প্রথমে হিমবাহ ধস ও ভূমিধসের মতো প্রাকৃতিক ঘটনা ঘটে। তার জেরেই বিপুল পরিমাণ কাদা, পাথর ও বরফ নীচের দিকে নেমে আসে এবং আচমকা জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ফলে সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এই দাবির সঙ্গে মিল রয়েছে আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণের পরবর্তী মূল্যায়নেরও। প্রাথমিকভাবে নেপাল-চিন সীমান্তের কাছে কম্পনকে ভূমিকম্প বলে মনে করা হলেও পরে বিশ্লেষণে সেটিকে হিমবাহ ধসের সঙ্গে সম্পর্কিত বলে চিহ্নিত করা হয়। উপগ্রহের ছবি, ভূকম্পন তরঙ্গ এবং বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করেই এই মূল্যায়ন করা হয়েছে বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হিমবাহের বিশাল অংশ আচমকা ভেঙে পড়লে বরফ, পাথর ও জল দ্রুত নীচের দিকে নেমে আসে। এর ফলে তৈরি হতে পারে ভয়াবহ হড়পা বান, যা মুহূর্তের মধ্যে নদী উপত্যকার জনবসতিতে আছড়ে পড়তে পারে।
ফলে এখন প্রশ্ন শুধু বিপর্যয়ের ক্ষয়ক্ষতি নিয়ে নয়, এর নেপথ্যে প্রকৃত কারণ কী, তা নিয়েও। একদিকে নেপালের অভিযোগ, অন্যদিকে চিনের পাল্টা দাবি—দুই দেশের বক্তব্যে তৈরি হয়েছে নতুন টানাপোড়েনের আবহ। তবে বেজিংয়ের বার্তা স্পষ্ট—এই মুহূর্তে দোষারোপ নয়, উদ্ধার ও সহযোগিতাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।







