ক্রাইম

মেয়ের অভিযোগে গ্রেফতার বাবা! নদিয়ায় ২১ বছরের তরুণীকে হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য

যাঁর কাছে নিরাপত্তা পাওয়ার কথা, তাঁর বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। নিজের ২১ বছরের মেয়েকে দিনের পর দিন কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শেষ পর্যন্ত আর চুপ করে না থেকে থানার দ্বারস্থ হলেন তরুণী। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ধানতলা এলাকায়।

তরুণীর অভিযোগ, গত প্রায় দু’মাস ধরে বাবার কাছ থেকে নানা ভাবে হেনস্থার শিকার হচ্ছিলেন তিনি। বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দেওয়া হত। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর উপর অত্যাচার করা হত বলেও অভিযোগ। তরুণীর দাবি, গত ৪ নভেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর ঘরে ঢুকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করেন বাবা। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এর পরেই থানায় গিয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে মেয়ের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবা। তাঁর পাল্টা দাবি, মেয়ের নামে জমি লিখে দেওয়া নিয়ে তাঁদের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। সেই আক্রোশ থেকেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি তাঁর।

দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জমি সংক্রান্ত বিবাদের সঙ্গে অভিযোগের কোনও যোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তরুণীর অভিযোগের সত্যতা যাচাই করে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.