অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিটা বদলাতে শুরু করেছে। একদিন আগেই খুলে ফেলার কাজ শুরু হয়েছিল বাড়ির সামনে থাকা অস্থায়ী কাঠামোর। এবার সেই প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে বুলডোজার নিয়ে ১২১, কালীঘাট রোডে পৌঁছন পুরসভার কর্মীরা। তাঁদের উপস্থিতিতে সরিয়ে দেওয়া হল বাড়ির সামনের কালো গেট। ভেঙে ফেলা হয়েছে পুলিশের সেন্ট্রি গার্ড বুথও। পাশাপাশি শুরু হয়েছে ফুটপাত পরিষ্কার এবং সিসিটিভি ক্যামেরা খোলার কাজ।
গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়ির সামনের অস্থায়ী কাঠামো সরানোর কাজ শুরু হয়েছিল বলে তৃণমূলের তরফে জানানো হয়। বৃহস্পতিবার সকালে সেই কাজ আরও বিস্তৃত হয়। কলকাতা পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এরপর একে একে সরানো হয় অস্থায়ী কাঠামো, কালো গেট এবং পুলিশের নিরাপত্তার জন্য তৈরি কিয়স্ক।
বাড়ির সামনে থাকা সিসিটিভি ক্যামেরাগুলিও খুলে ফেলা হচ্ছে। সরকারি ক্যামেরার পাশাপাশি সরকারি বাতিস্তম্ভে লাগানো অভিষেকের নিজস্ব ক্যামেরাগুলিও সংযোগ-সহ খুলে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সেগুলি অভিষেকের অফিসের কর্মী বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ক্যামেরার তার খোলার কাজও চলছে।
এতদিন অভিষেকের বাড়ির সামনের ফুটপাতের একটি অংশ কালো গেট দিয়ে ঘেরা থাকত। সেখানে সাধারণ মানুষের প্রবেশে নিয়ন্ত্রণ ছিল। বিভিন্ন সময়ে নিরাপত্তার কারণে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছিল। এবার সেই গেট সরিয়ে দেওয়ায় ফুটপাতের জায়গা খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরসভার কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছেন পুলিশকর্মীরাও।
পুরো প্রক্রিয়াটি নিজেদের মোবাইল ফোনে ভিডিও করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। কোন কাঠামো সরানো হচ্ছে, কী কী জিনিস খুলে নেওয়া হচ্ছে, তার ছবি ও ভিডিও তাঁরা সংরক্ষণ করছেন।
সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের নিরাপত্তা ব্যবস্থা ও অস্থায়ী পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে। অস্থায়ী কাঠামো থেকে কালো গেট, পুলিশের বুথ এবং সিসিটিভি ক্যামেরা—একাধিক ব্যবস্থা সরানোর পর এবার ওই এলাকার চেহারা কীভাবে বদলায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






