পুজোর আগে শহর সাজাতে গিয়ে বিপত্তি! উড়ালপুলের গায়ে রং আর আলপনার নকশা ঘিরে বাইক পিছলে দুর্ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। এবার সেই চিংড়িঘাটা উড়ালপুলে দুর্ঘটনা এড়াতে নতুন ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। উড়ালপুলের উপর প্রায় ১০ মিটার অন্তর বসানো হয়েছে ক্যাটস আই। তবে এই কাজের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই ইএম বাইপাসের চিংড়িঘাটা ক্রসিং ও সংলগ্ন এলাকায় তৈরি হয় তীব্র যানজট।
দুর্গাপুজোকে সামনে রেখে শহরের সৌন্দর্যায়নে একাধিক উড়ালপুল ও সেতুতে ব্যবহার করা হয়েছিল নানা রঙের নকশা। গোলাপি, কমলা, হলুদ, লাল থেকে শুরু করে রামধনুর সাত রঙের পাশাপাশি আঁকা হয়েছিল বাঙালির ঐতিহ্যবাহী আলপনাও। কিন্তু বৃষ্টির জলে ভিজে সেই রঙিন অংশে বাইকের চাকা পিছলে যাওয়ার অভিযোগ ওঠে। চিংড়িঘাটা উড়ালপুলে একের পর এক বাইক পিছলে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
এরপরই উড়ালপুলে ক্যাটস আই বসানোর উদ্যোগ। লালবাজার সূত্রে দাবি, রাস্তার উপর বসানো এই বিশেষ রিফ্লেক্টরগুলি রাতে গাড়িচালকদের পথ চিনতে সাহায্য করবে। পাশাপাশি, রাস্তা থেকে সামান্য উঁচু হওয়ায় যানবাহনের গতি নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে এগুলি।
তবে নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়েই বৃহস্পতিবার সকালে ভোগান্তিতে পড়েন বহু মানুষ। ক্যাটস আই বসানোর কাজ শেষ করতে সাময়িকভাবে উড়ালপুল বন্ধ রাখায় ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকে একাধিক গাড়ি। অফিসযাত্রী থেকে শুরু করে অন্যান্য নিত্যযাত্রী—সকলকেই পোহাতে হয় দুর্ভোগ।
অন্যদিকে, গড়িয়াহাট ব্রিজে এখনও ক্যাটস আই বসানো হয়নি। সেখানে রং তুলে ফেলার কাজ শুরু হয়েছে বলে খবর। ফলে শহরের সৌন্দর্যায়নের জন্য নেওয়া পদক্ষেপের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, চিংড়িঘাটা উড়ালপুলে এই নতুন ব্যবস্থা কতটা কার্যকর হয় এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় কি না।







