হঠাৎ চোখের সামনে এমন দৃশ্য দেখলে চমকে উঠতেই পারেন! মনে হতে পারে, এ কি সত্যিই কোনও সিনেমার দৃশ্য? রোহিত শেট্টির ছবির মতোই অবিশ্বাস্য কাণ্ড ঘটল চলন্ত ট্রেনে। ট্রেনের জানলা দিয়ে হাত বাড়িয়ে চুরি বা যাত্রীদের জিনিসপত্র হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে ঘুমন্ত যাত্রীদের কাছ থেকে সুযোগ বুঝে সামগ্রী চুরি করার অভিযোগও বহু পুরনো। কিন্তু এবার চোর ধরতে গিয়ে ঘটল একেবারে নজিরবিহীন ঘটনা। চলন্ত ট্রেনের জানলায় ঝুলতে দেখা গেল এক সন্দেহভাজন চোরকে। সেই ঘটনারই একটি ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ভাইরাল ভিডিওটি বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেল স্টেশনের বলে জানা গিয়েছে। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রেনের জানলার কাছে থাকা এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ওই সন্দেহভাজন ব্যক্তি। সেই সময়ই তাঁকে ধরে ফেলেন এক যাত্রী।
জানা গিয়েছে, ঘটনার সময় ট্রেনটি স্টেশনে দাঁড়িয়েছিল। অভিযুক্ত ব্যক্তির পা তখনও প্ল্যাটফর্মে ছিল। আচমকাই ট্রেনটি স্টেশন ছাড়তে শুরু করে। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে থাকলেও জানলা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যান ওই ব্যক্তি। তবে শেষ পর্যন্ত তাঁর উদ্দেশ্য সফল হয়নি। বরং এক যাত্রী দ্রুত তাঁর হাত শক্ত করে ধরে ফেলেন।
এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ট্রেন চলতে শুরু করলেও ওই ব্যক্তির হাত ছাড়েননি যাত্রী। ফলে ট্রেনের জানলার বাইরে ঝুলন্ত অবস্থাতেই বেশ কিছুটা পথ যেতে হয় তাঁকে। প্ল্যাটফর্মের পাশ দিয়ে ট্রেন এগিয়ে চলার সময় কার্যত তাঁকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছনোর পর শেষ পর্যন্ত ওই ব্যক্তির হাত ফসকে যায়। এরপর তিনি প্ল্যাটফর্মের উপর পড়ে গিয়ে আহত হন। পরে রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং রেলের আধিকারিকরা তাঁকে উদ্ধার করেন বলে জানা গিয়েছে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। লাইক, শেয়ার এবং মন্তব্যের বন্যা বইছে। অনেকেই ওই যাত্রীর সাহসিকতার প্রশংসা করেছেন। আবার অনেকে ঘটনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
নেটিজেনদের একাংশের মতে, ট্রেনের বাইরে কাউকে এভাবে ঝুলিয়ে রাখা অত্যন্ত বিপজ্জনক। এমন পরিস্থিতিতে সামান্য ভুলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই চোর ধরার চেষ্টা করলেও কোনও ব্যক্তির জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া উচিত নয় বলেই মত তাঁদের।







