সপ্তাহের শুরুতেই রাজ্য বিধানসভায় চাঞ্চল্য। সোমবার সকালে বিধানসভার একটি শৌচালয় থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়েছে। খবর পেয়ে বিধানসভায় পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতের নাম উমেশচন্দ্র দাস। বয়স প্রায় ৬২ বছর। তিলজলার বাসিন্দা উমেশ গত প্রায় ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন। ক্যান্টিনটি একটি ঠিকাদার সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। ওই সংস্থার কর্মী হিসেবেই কাজ করতেন তিনি। কর্মসূত্রে বিধানসভা চত্বরেই থাকতেন এবং রাতেও সেখানেই ঘুমোতেন।
সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ শৌচালয়ে যান উমেশ। দীর্ঘক্ষণ পরেও তিনি বাইরে না আসায় সন্দেহ হয় সহকর্মীদের। তাঁরা শৌচালয়ের সামনে গিয়ে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, বাথরুমের মেঝেতে পড়ে রয়েছেন উমেশচন্দ্র। সঙ্গে সঙ্গে বিধানসভার সচিব ও মার্শালকে বিষয়টি জানানো হয়। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাতেও।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় ঘটনার কথা অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে জানান। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বয়সজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়েই উমেশচন্দ্রের মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষাও করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে, যে শৌচালয় থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি এবং তার আশপাশের এলাকা আপাতত ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে নজরদারি চালাচ্ছে পুলিশ। বর্তমানে বিধানসভায় কোনও অধিবেশন না চলায় সেখানে সাধারণ মানুষের যাতায়াতও তুলনামূলক কম। ফলে ঘটনায় বিধানসভার স্বাভাবিক পরিবেশে বড় কোনও প্রভাব পড়েনি।







