গার্ডেনরিচ কণ্ড ১৭ তারিখ ঘটলেও তার ক্ষত কিন্তু এখনও টাটকা। এরই মাঝে ফের বেফাঁস মন্তব্য ফিরহাদ হাকিমের। বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠতেই মেওরের জবাব, ‘‘কোথায় বেআইনি নির্মাণ কীভাবে বলব? আইন হাতে নিয়ে বসে আছি নাকি!” যা নিয়ে বিতর্ক উঠেছে তুঙ্গে।
বিপর্যয় ঘটে যাওয়ার পর কেটে গিয়েছে চার দিন। এখনও আশঙ্কা রয়েছে কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে একজনের আটক। মনে করা হচ্ছে আটকে রয়েছেন শেরু নিজামি। কারণ, ঘটনার দিন থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে শেরুই ফোনে জানিয়েছিলেন, তিনি আটকে। ফলে তাঁর খোঁজে ২৪ ঘণ্টা চলছে উদ্ধার কার্য। বৃহস্পতিবার সকালে গার্ডেনরিচে যান মেয়র ফিরহাদ হাকিম। আটকে থাকা যুবকের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
এদিনই শহরের একাধিক বেআইনি নির্মাণ নিয়ে প্রসঙ্গ ওঠে। গার্ডেনরিচ কাণ্ডের পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই এলাকারই তিনটি বহুতলের ছবি। দুটি বহুতলের মাঝে পাঁচ ফুট ব্যবধান রয়েছে কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন। আর সেই পাঁচফুটের মাঝেই দাঁড়িয়ে আরও একটি বিল্ডিং। ছবিতে দেখে যা ৫ তলা বলেই মনে করা হচ্ছে, সেই বিল্ডিং নিয়ে প্রশ্ন করায় ফিরহাদ বলেন, “কোথায় বেআইনি নিমার্ণ কীভাবে বলব? আইন হাতে নিয়ে বসে আছি নাকি!” অর্থাৎ এর থেকে পরিষ্কার, গোটা ঘটনার দায় ঝেড়ে ফেললেন তিনি। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। মেয়রকে নিশানা করেছেন বিরোধীরা। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য খোঁচা দিয়ে বলেন, “আসলে এত দুর্নীতির মাঝে মেয়র নিজেও হয়তো অসহায়। ওনার কিছু করার নেই।” পাশাপাশি তিনি আরও বলেন, আধিকারিকদের দায় অবশ্যই আছে কিন্তু কাউন্সিলরদের চাপে তাঁদের কিছু করার ক্ষমতা নেই। যার ফলে এভাবে পাঁচ ফুটে পাঁচতলা বিল্ডিং তৈরি হয়েছে।







