কলকাতা

টালা ট্যাঙ্কের পাইপলাইন মেরামত শুরু, আপাতত বিকল্প পথে জল সরবরাহ! কোন পদ্ধতিতে মিলবে পানীয় জল?

টালা ট্যাঙ্কের পাইপ ফেটে তৈরি হওয়া জলসংকট সামাল দিতে অবশেষে মেরামতির কাজে হাত দিল কলকাতা পুরসভা। মূল ৭২ ইঞ্চির পাইপলাইনের লিকেজ সারানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মেরামতির কাজ চলাকালীন যাতে শহরবাসীর জল সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে যায়, তার জন্য বিকল্প ব্যবস্থাও চালু করা হয়েছে। আপাতত ৪৮ ইঞ্চি ব্যাসের পাইপ ব্যবহার করে বাইপাস পদ্ধতিতে জল পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।

যদিও বিকল্প ব্যবস্থায় জল সরবরাহ শুরু হলেও স্বস্তি পুরোপুরি ফেরেনি। বউবাজার-সহ মধ্য কলকাতার একাধিক এলাকার বাসিন্দাদের অভিযোগ, কল থেকে জল এলেও তার পরিমাণ যথেষ্ট নয়। কোথাও আবার জলের চাপ খুব কম। ফলে দৈনন্দিন প্রয়োজন মেটাতে এখনও সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। মূল পাইপলাইনের মেরামতি শেষ না হওয়া পর্যন্ত এই বাইপাস ব্যবস্থাতেই জল সরবরাহ চালানোর পরিকল্পনা রয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, টালা ট্যাঙ্কের ৭২ ইঞ্চি ব্যাসের একটি প্রধান পাইপলাইনে ফাটল ধরার জেরেই এই বিপত্তি। পলতা থেকে ছ’টি পাইপলাইনের মাধ্যমে জল এসে জমা হয় টালা ট্যাঙ্কে। সেখান থেকে শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হয়। প্রতিদিন প্রায় ৯ মিলিয়ন গ্যালন জল ধারণের ক্ষমতা রয়েছে এই জলাধারের। ফলে একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনে সমস্যা দেখা দেওয়ায় সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়েছে।

এর আগে পাইপ ফেটে টালা ও সংলগ্ন এলাকায় জল জমে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়। বড় রাস্তা থেকে শুরু করে বিভিন্ন অলিগলি জলমগ্ন হয়ে পড়ে। টালা বারোয়ারি চত্বর এবং বনমালী চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকায় পরিস্থিতি বিশেষভাবে খারাপ হয়। ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকাতেও জল জমার খবর পাওয়া যায়। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।

এখন মূল পাইপলাইনের লিকেজ মেরামতির কাজ কত দ্রুত শেষ হয়, সেদিকেই তাকিয়ে শহরবাসী। আপাতত বিকল্প পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ চালু থাকলেও পর্যাপ্ত জল ও স্বাভাবিক চাপ ফিরবে কবে, সেটাই বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.