পাখির চোখ বিধানসভা নির্বাচন । আর তার আগেই , রাজ্যে পরিবর্তন যাত্রার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। প্রশাসনের তরফে এই পরিবর্তন যাত্রায় কোনরকম সাড়া না পেয়ে বিজেপি দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের । শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ এই পরিবর্তন যাত্রায় অনুমতি দেয় । তবে এই অনুমতি মেলে শর্তসাপেক্ষে । তবে বিজেপি যেখানে ১-৩ মার্চ পরিবর্তন যাত্রার অনুমতি চেয়েছিল , সেখানে হাইকোর্টের তরফে ১ ও ২ তারিখ এই যাত্রার অনুমতি দেওয়া হয় ।
শুক্রবার শুনানিতে , কোন জেলায় কোন জায়গায় কবে এই যাত্রা বা মিছিল হবে , তার তালিকা বিজেপি হাইকোর্টে জমা দেয় । এই তালিকা দেখে , হাইকোর্টের নির্দেশ , ওই নির্দিষ্ট দিনে ১০০০ লোক বিজেপি , বেলা ২ টো থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত মিছিল করতে পারবে। তবে আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা যাতে কোথাও না হয় , সেবিষয়ে খেয়াল রাখতে হবে পুলিশকে ।
এর আগে , পরিবর্তন যাত্রার অনুমতি চেয়ে ২২ ফেব্রুয়ারি পুলিশের কাছে আবেদন করেছিল বিজেপি। কিন্তু পুলিশের তরফে , সেবিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি । আর তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি ।
উল্লেখ্য , বিজেপির তরফে আয়োজিত এই পরিবর্তন যাত্রায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় নেতাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ।







