কলকাতা

নিরাপত্তার বেষ্টনীতে হগ মার্কেট: শতাব্দীপ্রাচীন নিউ মার্কেটকে ভূমিকম্প থেকে বাঁচাতে ‘সিসমিক বার’ বসাচ্ছে পুরসভা

সাম্প্রতিক সময়ে হওয়া ভূমিকম্পের জেরে শহরে কোনো বড় ক্ষয়ক্ষতি না হলেও, শতাব্দীপ্রাচীন হগ মার্কেটের (নিউ মার্কেট) সুরক্ষা নিশ্চিত করতে এবার কোনো ঝুঁকি নিতে রাজি নয় কলকাতা পুরসভা। শহরের ঐতিহ্যবাহী এই বাজারটিকে ভূমিকম্পের অভিঘাত থেকে সুরক্ষিত রাখতে ‘সিসমিক বার’ বসানোর তোড়জোড় শুরু হয়েছে। পুরসভা সূত্রে খবর, চলতি সপ্তাহেই পুর ইঞ্জিনিয়াররা নিউ মার্কেট এলাকায় পরিদর্শন করবেন এবং দ্রুত এই কাজ শুরু হবে। পুর কর্তৃপক্ষ দ্রুত এই প্রকল্পের বিস্তারিত রিপোর্ট (DPR) তৈরি করেছে। জাপান, সিঙ্গাপুর বা মুম্বইয়ের মতো শহরেও পুরনো বহুতলগুলিকে ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। ভূমিকম্পের সময় ‘সিসমিক বার’ সেই ধাক্কা তাৎক্ষণিকভাবে শোষণ করে কাঠামোকে সুরক্ষিত রাখে। বহুকাল আগেই বিশেষজ্ঞরা কলকাতাকে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছিলেন। তাই বিভিন্ন সময়ে পুরসভা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপকদের দিয়ে নিউ মার্কেটের কাঠামো পরীক্ষা করিয়েছে। বাজার বিভাগের মেয়র পরিষদ সদস্য আমিরউদ্দিন ববি জানিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে দ্রুত পুর কমিশনার সুমিত গুপ্তার সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসা হবে।

বাজার বিভাগের কর্তারা মনে করছেন, প্রায় দেড়শো বছরের পুরনো এই বাজার একসময় দেশের প্রথম সারির বাজার হিসেবে পরিচিত ছিল। এখনও বহু পর্যটকের কাছে এটি একটি দ্রষ্টব্য স্থান। স্বাভাবিকভাবেই হেরিটেজ কমিটির তৎপরতা এবং পরবর্তীতে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অর্থ বরাদ্দ, নিউ মার্কেটকে রক্ষা করার গুরুত্ব তুলে ধরে। মেয়রের নির্দেশেই দ্রুত এই প্রতিরোধী ব্যবস্থা বসানোর উদ্যোগ নিয়েছে পুরসভা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থ এবং সিভিল বিভাগের বিশেষজ্ঞদের পরামর্শে এই কাজ করা হবে। মাটির তলা দিয়ে ভূমিকম্প প্রতিরোধী বিশেষ তার বা কেবল স্থাপন করা হবে। নিউ মার্কেটের সামনের রাস্তার দুই পাশ খুঁড়ে এই তার বসানো হবে এবং বাজারের প্রতিটি দোকানের স্তম্ভের সঙ্গে এটিকে যুক্ত করে দেওয়া হবে।

এই কাজ চলাকালীন সাময়িকভাবে কিছু দোকান বন্ধ রাখতে হতে পারে। তাই পুরসভা জানিয়েছে, এই বৃহৎ কর্মকাণ্ড শুরু করার আগে নিউ মার্কেট ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। ১৮৭৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তা এস এস হগ এই বাজারের পত্তন করেন এবং পরে পুরসভা এটি অধিগ্রহণ করে। বর্তমানে এই বাজারে প্রায় তিন হাজার ব্যবসায়ী রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.