নির্বাচনে হাতে গোনা আর কয়েকমাস বাকি । সরকারের বিরুদ্ধে , বিরোধী দলগুলির তরফে যেসব ইস্যুগুলি তুলে ধরা হচ্ছে , তার মধ্যে অন্যতম ইস্যু হলো নারী সুরক্ষা। আর সেই ইস্যুকে নিয়েই এবার শুরু হচ্ছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা ! শহরের ৫ জায়গায় পিংক বুথ চালু করছে কলকাতা পুলিশ।
নারী সুরক্ষায় শান দিতে এই বিশেষ উদ্যোগ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । জানা গিয়েছে , সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে এই বুথগুলি । অত্যাধুনিক সুবিধা মিলবে , এই সংশ্লিষ্ট বুথ গুলি থেকে । পাশাপাশি শাইনিং পেট্রলিং গাড়ি টহল দেবে রাতের শহরে । মহিলা উর্দিধারীও থাকবেন ওই গাড়িতে । বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে , এই শাইনিং বুথগুলি। পাশাপাশি , রাতের কলকাতায় , শাইনিং পেট্রোলিং গাড়ি গুলি ঘুরবে রাত ২ টো পর্যন্ত। উল্লেখ্য , এই পেট্রোলিং গাড়ি গুলির নাম শাইনিং পেট্রোলিং গাড়ি নামকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী ।
এবার প্রশ্ন কোথায় কোথায় সুবিধা মিলবে এই পিংক বুথের ?
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে , গড়িয়াহাট, শ্যামবাজার, বেহালা, কাঁকুড়গাছি, হিডকো মোড়ে খোলা হচ্ছে পিংক বুথ। কলকাতা পুলিশের সিপি সুপ্রতীম সরকার জানিয়েছেন , “নারী সুরক্ষা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে। সেই বিষয় মাথায় রেখে দুটি বিশেষ উদ্যোগ নেওয়া হল। যে সকল কর্মরতা মহিলা সন্ধে থেকে একটু বেশি রাতে বাড়ি ফেরেন তাঁদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যায়, আরও সুদৃঢ় করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হল। একটি হল-পিঙ্ক বুথ। কলকাতা শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরে আরও বাড়ানো হবে সংখ্যাটা। কোনও অসুবিধায় পড়লেই এই পিঙ্ক বুথে মহিলারা যোগাযোগ করতে পারবেন।”






