আরজি কর হাসপাতালে নার্সিং পড়ুয়া তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণার পরেও ন্যায়বিচার নিয়ে সন্তুষ্ট হতে পারেননি তার বাবা-মা। বিচার ‘অসম্পূর্ণ’ রয়ে গেছে এই দাবি তুলে এবার আইন হাতে তুলে নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিলেন তিলোত্তমার মা। তার স্পষ্ট বক্তব্য, মেয়ের অপমৃত্যুর পূর্ণাঙ্গ বিচার তারা ছিনিয়ে আনবেনই। তাদের শুরু থেকেই দাবি, এই জঘন্য অপরাধে শুধু একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত।
সোমবার উত্তর ২৪ পরগনার বারাসতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নিহত তরুণীর বাবা-মা। সেখানেই তিলোত্তমার বাবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তুলেছেন, আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা নাকি কোনো ‘নির্দিষ্ট তদন্ত’ (স্পেসিফিক ইনভেস্টিগেশন) করেননি কিন্তু কেন করা হয়নি? এই প্রশ্নের জবাবই তিনি সিবিআইয়ের কাছে চাইবেন। তার অভিযোগ, শিয়ালদহ আদালতে সওয়াল-জবাবের কপি হাতে এলেও সিবিআই সেগুলোকে গুরুত্ব দেয়নি। মামলা এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গৃহীত হলেও শুনানি শুরু হয়নি। তিনি বলেন, “শুনানি শুরু হলে সিবিআইকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে।”
তিলোত্তমার বাবা মনে করেন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ছাড়াও এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছে। তার দাবি, একজন মহিলা-সহ মোট ছয়জন পুরুষের ডিএনএ নমুনা মিলেছে ডিএনএ রিপোর্টে, যা স্পষ্ট প্রমাণ করে যে এটি একক ব্যক্তির কাজ নয়। তিনি বলেন, “আমরা জানি তারা কারা, কিন্তু তদন্ত করাটা তো সিবিআইয়ের কাজ।” অন্যদিকে, মেয়ের অপমৃত্যুতে সরাসরি হাসপাতালের কর্তব্যরত কর্মীদের দিকে আঙুল তুলেছেন তিলোত্তমার মা। তার দাবি, “আমার মেয়ে সেখানকার দুর্নীতি নিয়ে অনেক কিছু জেনে গিয়েছিল। ও সাধারণত ভোর চারটা পর্যন্ত জেগে ডিউটি করত। সেই রাতে কীভাবে সে ঘুমিয়ে পড়ল, তা আমি বিশ্বাস করতে পারছি না।” তার সন্দেহ, যে রাতে ঘটনাটি ঘটেছিল, সেই রাতে যারা ডিউটিতে ছিলেন, তাদেরও ধরা উচিত। তার ক্ষোভ, “আরজি করের মতো সুরক্ষিত জায়গায় একজন বহিরাগত ঢুকে আমার মেয়েকে মেরে চলে গেল, আর কেউ টেরই পেল না? এটা হতেই পারে না।” কান্নাভেজা কণ্ঠে তিনি আরও জানান, “মেয়ের চোখ থেকে রক্ত বেরিয়েছিল, জল নয়। আমরা বিচার ছিনিয়ে আনবই। এর জন্য যদি আমাদের আইন হাতে তুলে নিতে হয়, তাই করব। কিন্তু আমরা ন্যায্য বিচার চাই।”







