বিশ্ব

‘মুসলিম ন্যাটো’ ঘোষণার পরই সৌদিতে হাউথির ড্রোন হামলা, জ্বলল আরামকোর তেল শোধনাগার

নতুন সামরিক জোটের ঘোষণা ঘিরে যখন মধ্যপ্রাচ্যে শক্তির নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই বড় ধাক্কা খেল সৌদি আরব। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের প্রতিরক্ষা সমঝোতার পরের দিনই সৌদির জিজান অঞ্চলে ড্রোন হামলা চালানোর দাবি করল ইয়েমেনের হাউথি গোষ্ঠী। হামলার নিশানায় ছিল সৌদি আরামকোর একটি তেল শোধনাগার।

হাউথিদের দাবি, সৌদি আরবের ড্রোন ইয়েমেনের আকাশসীমায় ঢোকার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায়। যদিও সৌদি জ্বালানি মন্ত্রকের দাবি, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

হাউথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সোশ্যাল মিডিয়ায় হামলার কথা জানিয়ে দাবি করেছেন, জিজানের তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

ঘটনার সময়টিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। কারণ, এর মাত্র একদিন আগেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি ঘোষণা করেছিল। তিন দেশের বক্তব্য ছিল, কোনও একটি দেশের উপর সামরিক হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী অন্য দুই দেশ পাশে দাঁড়াবে।

এই ঘোষণার পরই সৌদির মাটিতে হাউথির হামলা নতুন প্রশ্ন তুলে দিয়েছে। কারণ, জোটের অন্যতম সদস্য সৌদি আরব সরাসরি আক্রান্ত হওয়ার পর বাকি দুই দেশ কী ধরনের পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সৌদি আরব ও হাউথিদের মধ্যে উত্তেজনা অবশ্য নতুন নয়। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘাত আরও বেড়েছে। সৌদির বিরুদ্ধে অবরোধের অভিযোগ তুলে পালটা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিল হাউথিরা।

ফলে নতুন প্রতিরক্ষা জোটের ঘোষণার পরপরই এই ড্রোন হামলা শুধু সৌদির নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছে না, বরং তিন দেশের সদ্য ঘোষিত সামরিক সমঝোতা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়েও আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন—সৌদির মাটিতে হামলার পর ‘মুসলিম ন্যাটো’র দুই মিত্র পাকিস্তান ও তুরস্ক কী অবস্থান নেয়? নাকি এই জোটের শক্তি আপাতত চুক্তির কাগজেই সীমাবদ্ধ থাকবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.