দেশ

কুনোয় ফের সুখবর! বৎসোয়ানা থেকে আসা চিতার গর্ভে জন্ম ৪ শাবকের, ভারতে চিতার সংখ্যা বেড়ে ৬২**

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ক্রমশ বাড়ছে চিতার সংখ্যা। এবার ভারতে জন্ম নেওয়া একটি মাদী চিতা জন্ম দিল চারটি শাবকের। এর ফলে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। উল্লেখযোগ্য বিষয় হল, বৎসোয়ানা থেকে ভারতে নিয়ে আসা কোনও চিতার গর্ভে এই প্রথম এদেশে শাবকের জন্ম হল।

কুনো জাতীয় উদ্যানের এই নতুন সাফল্যের কথা প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। নিজের এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, বৎসোয়ানা থেকে আসা কোনও চিতার এখানে শাবক প্রসবের ঘটনা এই প্রথম। তাঁর কথায়, ‘প্রোজেক্ট চিতা’র ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক অর্জন। ভারতে চিতার স্থায়ী ও স্বনির্ভর জনসংখ্যা গড়ে তোলার লক্ষ্যে এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্রের খবর, শাবকদের জন্ম দেওয়া মাদী চিতাটির নাম কেওএমজি৩। তার বয়স মাত্র আড়াই বছর। প্রায় চার মাস আগে বৎসোয়ানা থেকে তাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়েছিল। সেখানে ছেড়ে দেওয়ার পরই সে গর্ভবতী হয়। সবুজে ঘেরা অরণ্যে এই নিয়ে দ্বিতীয়বার কোনও চিতার শাবকের জন্ম হল।

এর আগে গত অক্টোবর মাসে কুনো জাতীয় উদ্যানে পাঁচটি চিতা শাবকের জন্ম হয়েছিল। তারও আগে সেপ্টেম্বরে ভারতে জন্ম নেওয়া অন্য একটি মাদী চিতার কোল আলো করে এসেছিল চারটি শাবক। পরপর এই সাফল্যে আশার আলো দেখছেন সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই মোদি সরকার দেশে চিতা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। শুরু হয় ‘প্রোজেক্ট চিতা’। ২০২২ সালে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন দেশ থেকে আরও চিতা ভারতে আনা হয়। সব মিলিয়ে এই প্রকল্পের আওতায় মোট ২০টি চিতা দেশে এসেছিল।

প্রথম থেকেই এই প্রকল্পের অগ্রগতি নিয়ে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মধ্যে কৌতূহল ছিল। কারণ, বিশেষজ্ঞদের পরিসংখ্যান অনুযায়ী, নতুন পরিবেশে মাত্র ৪০ শতাংশ চিতার বেঁচে থাকার সম্ভাবনা থাকে। সেই নিরিখে ভারতে চিতাদের বংশবৃদ্ধি এবং তাদের টিকে থাকার হার যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। একের পর এক শাবকের জন্মের ঘটনায় আরও মজবুত হচ্ছে ‘প্রোজেক্ট চিতা’। দেশে চিতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের স্থায়ী আবাস গড়ে তোলার লক্ষ্যেও এই সাফল্যকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.